আত্মবিলাপ
তরু, তোর কী হয়েছে?
তরু কোনো কথা বলছে না। বট গাছের শিকড় ঘেঁষে ঈষৎ ভেজা ঘাসের ওপর মলিন মুখে গুটিসুটি ভাবে লেপ্টা মেরে বসে আছে। এইটুকু মেয়ের চোখমুখে রাজ্যের চিন্তা! ভাবা যায়?
বাচ্চা মেয়েদের কী করে বশে আনতে হয় মামার কাছে এ আর নতুন কী! এই দেখ বলে পকেট থেকে দু'টো লিলিপপ শটাং করে বের করে বেশ আয়েশের সাথে নাড়াতে নাড়াতে মামা ভাগ্নিকে লোভ দেখালো। তারপর দু'হাত বাড়িয়ে মিষ্টি করে ডাকলো—আয় তরু, কোলে আয়। যাক বাবা! কোনো কাজ-ই হলো না।
তরু আগের মতোই বসে রইলো। মামার আদর কিংবা লিলিপপের লোভের প্রতি তার কোনো ভ্রুক্ষেপ নাই। সে একদৃষ্টে গাঁদা ফুলের চারার দিকে গোমড়ামুখে তাকিয়ে আছে।
একটা চারা। চারা গাছে দুটি ফুল। একটি ফুল কী সুন্দর করেই না ফুটে উঠেছে। আর পাশের ফুলটি বৃষ্টির ফোঁটায় পচন রূপ ধারণ করেছে। একই গাছের একই ফুল কিন্তু দুটোর দু'অবস্থা। মুহূর্তেই, তরুর কাছে মানুষের জীবনটা ফুলের মতোই মনে হচ্ছে। যার মধ্যে কিছু মানুষের জীবন সতেজ ফুলের মতোই প্রাণবন্ত। আর মুষ্টিময় মানুষের জীবন পচন ফুলের ন্যায়। তরুর ধারণা তার জীবনটা পচন ফুলের মতোই।
তরুকে ইতোপূর্বে মামার কখনো এমন আনমনা মনে হয়নি। মনে হয়নি এতটা বিষাদগ্রস্ত। যে বিষাদ দু'দুটো লিলিপপকেও চুনোপুঁটির মতো টুনকো করে দিতে পারে। আচ্ছা, এইটুকু আদরের মেয়ের এত চিন্তা করা কোনোভাবেই কি শোভনীয়?
আজ কেনো যেন ভাগ্নিকে বেশ ভাবুক মনে হচ্ছে। মনে হচ্ছে, ভাগ্নি যেন কবি হতে চলেছে। ছয় বছরের মেয়েটির এমন ভাব মামার চোখে এই প্রথম ধরা দিচ্ছে। যে মেয়েটি একটি লিলিপপ পেতেই কিনা কান্না আব্কের গিলে ফেলতো সে তরুই আজ লিলিপপ না নিয়ে মামাকে অবাক করেছে।
আচ্ছা! বিষাদ কি কখনো বয়স ভেদে হয়? বড়রাই কি শুধু চিন্তা করে?
তরুর এ মলিনতা দেখে মামার দুঃখ হলেও অন্তরে অন্তরে কোমল আনন্দ শিহরণ বয়ে যাচ্ছে। ভাগ্নির বিষাদময় নিরবতা তাকে কাঙ্ক্ষিত উত্তরের দিকে নিয়ে যেতেই, সে বুঝেছে যে— দুঃখ কখনো বয়সভেদে হয় না; তা হয় বাস্তবতার বিচিত্র অনুভূতির সম্মিলনে।
নতুন কিছু শিখতে আলম সাহেবের দারুণ লাগে। তার ইচ্ছে করছে অরুকে কোলে তুলে নিয়ে দুলতে দুলতে নেচে বেড়াতে।
দুলতে দুলতে নেচে বেড়ানোর ইচ্ছে সব বয়সেই হতে পারে। আলম সাহেব সবে সাতাশে পড়েছে। এ বয়সে মনে রঙ থাকে, প্রাণে স্বাদ থাকে আর দেহে.........! চাইলে হেলেদুলে নাচা যায়। কিন্তু আলম সাহেব এক্ষুণি তা করবে না।
সে নিরবে বৃক্ষের মতো তরুর হাবভাব আরও কিছুক্ষণ দেখতে চায়। চিত্রকরের মতো তার বাহ্যিক পরিবর্তনের মেঘলীলা চোখে বিঁধতে চায়। আর? আর মনোবিদের মতো তরুর কোমল মনের হাবভাবগুলো অবলীলায় পড়তে চায়।
তরু বিষণ্ণ মনে ভাবছে। ভাবতে ভাবতে তার হঠাৎ রৌদ্রের বাবার কথা মনে পড়ছে। রৌদ্র তার সাথেই ১ম শ্রেণিতে পড়ে। দেখতে প্রায়ই তরুর মতোই; ফর্সা রঙ, গোলগাল চেহারা, নাদুসনুদুস ভাব, ডাগর ডাগর চোখ আর কবিতার মতোই মুখের ভাষা।
রৌদ্রের বাবা তার মায়ের মতোই সুন্দর। আগে প্রায়শই রৌদ্রকে তার বাবা বাইকে করে স্কুলে নিয়ে আসলেও এখন আর আসে না। কেনো আসে না? রৌদ্রের বাবার কি হয়েছে? তার খুব জানতে ইচ্ছে করে। কিন্তু কখনো তার জিজ্ঞাসা করা হয়ে ওঠে নি।
অবশেষে কাল.... জানতে পেরেছে। রৌদ্র তাকে কাঁদতে কাঁদতে তার নানির সাথে মায়ের আলাপে যা বুঝতে পেরেছে সব ইনিয়ে বিনিয়ে বলেছে।
এতদিন মা তাকে সান্ত্বনার শীতল বুলি শুনিয়ে তার জিজ্ঞাসু মনকে ঘুম পাড়িয়ে এসেছিলো। বাবা আসে না কেনো জানতে চাইলে, প্রায়শই বলেছে—প্রবাস থেকে অনেকগুলো খেলনা নিয়ে তার বাবা তেজী ঘোড়ায় চড়ে একদিন ঠিক আসবে। তেজী ঘোড়ার কথা শুনে রৌদ্রের হঠাৎ মামার দেখানো তুর্কি বীর আরতুগ্রুল গাজীর কথা মনে পড়ে গেলো।
রৌদ্র চঞ্চল মনে জিজ্ঞেস করতেই— মা বলেছে, হ্যাঁ বাবা! তোমার বাবা আরতুগ্রুল গাজীর মতোই ফিরে আসবে। কথাটি ফুরাতেই মা ছেলের দু'ফিট উচ্চতার কোমল দেহটি বুকে টেনে নিয়ে অনবরত চোখের জল মুছতে থাকে। মায়ের এ অকস্মাৎ কান্নার কারণ জানার অভিপ্রায় থাকলেও, তার শিশুমন তা কখনো উদঘাটন করতে পারে নি।
অবশেষে দু'দিন পূর্বে তার তনুমন, এ রহস্যের সন্ধান পেয়েছে। সেদিনের কথা :
তার মা'কে সাজানো হয়েছে। দেখতে নতুন বউয়ের মতো মনে হচ্ছে। রৌদ্র বাস্তবে কখনো নতুন বউ দেখে নি। কিংবা দেখলেও তার মনে পড়ছে না। তবে দিরিলিজ আরতুগ্রুলে নতুন বউ দেখার সৌভাগ্য তার হয়েছে। আচ্ছা, আম্মুকে নতুন বউয়ের মতো সাজানো হয়েছে কেনো? সবাই চুপ করে আছে। কেউ তার জিজ্ঞাসার জবাব দিচ্ছে না। কিংবা জবাব দেয়ার প্রয়োজন বোধ করছে না।
আচ্ছা, তার মা'কে কি তবে আবারও বিয়ে দেয়া হবে? যদি তাই হয় তবে তার বাবার কি হবে? প্রবাস থেকে কেউ ফিরতে দেরি করলে কি বউকে কনে সাজিয়ে বিয়ে দেয়া লাগে? কই, তার তো এমন কখনো মনে হয় নি! দিরিলিজ আরতুগ্রুল সিরিজে সে নিজের চোখে দেখেছে— তুরগুতের জন্য অবিবাহিত আইকিসকে তার বাবা দেলিদেমির ঠিকই রেখে দিয়েছিলো। দোগানের জন্য চিচিক ঠিকই অপেক্ষা করেছিলো। তবে তার মা কেনো অন্য কাউকে বিয়ে করতে চাচ্ছে? কিংবা নানির কথায় কেনো বিয়ের জন্য বাধ্য হচ্ছে? তার নানি কি তবে আইকিসের বাবা দেলিদেমিরের মতো ভালো নয়?
আম্মু, আজ এতো সাজগোজ করছ কেন? মা করুণসজল আঁখি মেলে মৌনক্ষণ তাকালেও ওষ্ঠ-অধরে কোনো পরিবর্তন আনলেন না। বাধ্য হয়ে নানির কাছে জিজ্ঞেস করলো, নানু, মা'কে কেনো সাজানো হলো? নানু কোনো উত্তর দিল না। কেবল মাথায় হাত বুলিয়ে দিল। আর মেজো খালা জয়নাব'কে হুকুম দিয়েছে যেনো আমাকে সামলে রাখে।
কিছুক্ষণ পর এলো কয়েক জোড়া মেহমান। তাদের সাথে এলো একগাদা মিষ্টি। রৌদ্রের মিষ্টি বেশ পছন্দ। কিন্তু সে আজ মিষ্টির প্রতি কোনো কৌতূহলী দেখাচ্ছে না। সবার মতোই সে সাদা পাঞ্জাবি পড়ুয়া শুভ্র চামড়ার মানুষটির দিকে তাকাচ্ছে। মানুষটির বয়স তার বাবার চেয়ে একটু বেশি। সবাই কেনো মানুষটিকে এমন করে দেখছে, সে কি আদৌ জানে? না, সে জানে না। সবাই দেখছে তাই সেও দেখছে। মেহমানদের নাস্তা দেওয়া হলো। তারা হালকা নাস্তা করলো।
একটু পর রৌদ্র দেখলো, মা'কে নিয়ে যাওয়া হচ্ছে তাদের সামনে। সবাই মন ভরে তার মা'কে দেখছে। শুধু পাঞ্জাবি পড়ুয়া মানুষটা সরাসরি দেখছে না। একটু ভিন্নভাবে দেখছে। বর হলেই বুঝি এমনভাবে দেখে! মা সালাম দিতেই মা'কে আসন পেতে বসতে দেয়া হলো। ক্লিন শেইভ করা পাঞ্জাবি ওয়ালা চাচ্চুটা রুমালে মুখ লুকিয়ে মা'কে দেখছে। তার হাতে সুন্দর একটা ঘড়ি। এমন একটা ঘড়ি তরুর হাতেও সে দেখেছিলো। আচ্ছা, অন্যরা তো এভাবে দেখছে না। কেউ বিশেষ লজ্জাও পাচ্ছে না; তবে ওনার এই ব্যতিক্রমের কারণ রৌদ্র কি পুরোপুরি ঠাহর করতে পেরেছিলো? ১ম শ্রেণিতে পড়া ১টা কোমল শিশুর কি পরিপূর্ণভাবে বোঝার কথা?
সে যাই হোক, পরিবেশ বিবিধ বয়সের মানুষের কাছে একই বার্তা ভিন্ন ভিন্ন ভাবে নিয়ে আসে। এই পরিবেশই ৭ বছরের চঞ্চল শিশুর মনে প্রশ্ন উত্থাপন করে যাচ্ছে।
রৌদ্রের কাছে নিজেকে গো-বাছুর মনে হচ্ছে। মনে হচ্ছে তার মা'কে যেনো জবাই করার জন্য নিয়ে যাওয়া হয়েছে। শুভ্র পাঞ্জাবি পরিহিত মানুষটির লজ্জায় যেন ধারালো ছুরি। যা দিয়ে মা'কে প্রাথমিক বধ করা হচ্ছে। আচ্ছা, তার এমন মনে হওয়ার কারণ কি?
খালামনি, তুমি আমাকে ভালোবাস? খালামনি আমার গাল টেনে দিয়ে বললো, হ্যাঁ রে রৌদ্র। হঠাৎ এ প্রশ্ন কেন? তুমি কি আমাকে বলবে, মা'কে কেনো বউয়ের মতো সাজিয়ে তাদের সামনে নিয়ে আসা হয়েছে? তারা কেন এসেছে? আর বাবা কেনই বা আসছে না? খালামনি আমাকে আদর করে বলেছে—রৌদ্র মণি, তোমার বাবা আর আসবে না। এরা তোমার মা'কে দেখতে এসেছে। ওই পাঞ্জাবি পড়ুয়া মানুষটি তোমার বাবা হতে যাচ্ছে!
আমার মন তখন অদ্ভুতভাবে জ্বলে উঠলো। আমার ভীষণ কষ্ট হচ্ছিলো। আমি পুনরায় জানতে চাইলাম, বাবা আসবে না কেন? খালামণি আমার মাথায় উষ্ণ মোলায়েম হাত বোলাতে বোলাতে বললো, তোমার বাবা অন্যত্র বিয়ে করেছে রৌদ্র। আর তোমার মায়ের কাছে পাঠিয়েছে ডিভোর্স লেটার।
রৌদ্রের কাছে মায়ের সান্ত্বনাসূচক কথাগুলো হজম হলেও খালামনির কথাগুলো হজম হচ্ছে না। আচ্ছা, যা আমাদের পছন্দ নয় তা আমরা হজম করতে পারি না কেন? যাক গে। আজ তার কাছে মায়ের কান্নার কারণ স্পষ্টরূপে প্রতীয়মান হচ্ছে। তার তনুবুকের ভিতর মেঘ জমেছে।
বৃষ্টি পড়ার প্রাতেই আচমকা ঘটে গেলো অঘটন। বউ সাজরত রহস্যময়ী— চেয়ার থেকে মেঝে ঢলে পড়লো।
তরুর চোখে জল এসে গেছে। মামা ভাগ্নির কান্না নীরব দর্শকের মতো দেখে যাচ্ছে। এগিয়ে গিয়ে সান্ত্বনা দেয়ার মনোবাসনা জাগলেও মামা এগোল না। থাক, কাঁদুক। কাঁদলে মন হালকা হয়। কাঁদতে কাঁদতে তরু গাঁদা ফুলের চারার দিকে পা বাড়লো। মামাও ছুটছে পিছু। গাঁদা ফুলের কাছে এসেই হাঁটুভাঁজ করে গোড়ালির ওপর ভর দিয়ে তরু বসে যায়। মামা খুব কাছ থেকেই ভাগ্নির অন্তর্মেঘ ও বৃষ্টি ভেজা আঁখির গভীরতা দেখতে মগ্নচৈতন্য হয়ে পড়লো। বাহ্যিকতাকে অতিক্রম করে মামা ক্রমশ প্রবেশ করছে গভীরে। ভাগ্নির তনুমনের চারপাশে অন্তর্দৃষ্টিপাত করছে। ভাগ্নের বুকের হাহাকারের উৎস খোঁজার নিমিত্তে হরিণের মতো কান খাড়া করে কর্ণপাত করলো। মামা মনোদৃষ্টি দিয়ে দেখছে, অনুভূতিগুলো শুনছে আর চোখে জল গড়িয়ে পড়ছে।
আমাদের প্রত্যেকের জীবনে একটা সময় থাকে। সে সময়টায় আমরা শুধু আপনজনকে মিস করি। অরুও তাই করছে। আজ দু'বছর হয়ে গেলো, তরুর মা একটিবারও অরুর খবর নেয় নি। মায়েরাও এত পাষাণ হতে পারে? হতে পারে এতটা নির্দয়! এমন ফুলের মতো মেয়ে আর ভক্তিময় স্বামী থাকা সত্ত্বেও কীভাবে সে পুরনো প্রেমিকের প্ররোচনায় পা বাড়ালো? সন্তানকে পদাঘাত করে কলঙ্কের কালিমা লয়ে সে কীভাবে এত নিষ্ঠুরতম কাজটি সাধন করলো? আজ বোনের প্রতি আলম সাহেবের তীব্র ঘৃণা হচ্ছে। সেই চরম ঘৃণা কপোল বেয়ে টপটপ করে ঝরে পড়ছে।
তরু তাজা ফুল আর পচন ধরা ফুল থেকে ফুলের মতো চোখগুলো সরিয়ে মামার দিকে তাকালো। মামা কাঁদছে। কাঁদুক। কান্না করলে মন হালকা হয়। অরু মামার কান্নায় প্রাচীর হলো না। সেও বাঁধ পড়া জলের বাঁধ সরিয়ে অনুরূপ ভাবে নত হলো। অরুর মেঘ সংক্রমিত হয়ে মামাকে ছুঁয়ে ফেলেছে। সেই সংক্রমণ হতেই ঝর্ণাধারার সৃষ্টি হয়েছে। আচ্ছা, ঝর্ণার জল কি নোনতা? বেশি নোনতা?
১২০০ সেকেন্ড মামা-ভাগ্নির এভাবেই ঝরলো জল।
মামা, দেখো। একই গাছের দুটি ফুল। কিন্তু দু'টির দু'অবস্থা। মামা, এমন হলো কেন? দু'টি একই রকম হতে পারতো। পারতো না? কিন্তু দেখো, হলো না। একই হলো না।
মামা সকরুণ দৃষ্টি মেলে তরুর কথা শুনে যাচ্ছে। তার মনের দুঃখগুলো যুক্তি হয়ে ঝরে পড়তে চাইছে। মামার কি এ সময় কথা বলা উচিত? মামা তাই চুপ করে শুনছে।
মামা, এই যে পচন ধরা ফুল; এই ফুলটি আমি। এই ফুলটি রৌদ্র। এই ফুলটিই বিষাদ। আমরা কি কখনো সতেজ ফুল হতে পারবো? পারবো কি?
আলম সাহেব নির্বাক হয়ে আছে। কোনো কথায় বেরোচ্ছে না। তরুর বাবা এসেছে। তরু বাবার হাত ধরে চলে যাচ্ছে। একটি বারের জন্যও পিছু তাকালো না।
জীবনটা অদ্ভুত। বড়ই অদ্ভুত! জীবনের ভবিষ্যৎ নিজের সামনে আয়নার মতো ফুটে উঠলেও সেখানে থাকে ছোপ ছোপ অন্ধকার। আলম সাহেব শেষ কান্নাটুকু উজাড় করে ছেড়ে দিয়েছে। এ কান্নার ধ্বনিতে অদ্ভুত শব্দ বাজছে। আচ্ছা, পুরুষরা এমন কেনো? নারীরাও কেন তাই?
রৌদ্র কি বড় হয়ে বাবার মতো হবে? আর তরু কি হবে মায়ের মতো? তারা কি পারবে পচন ধরা ফুল থেকে সতেজ ফুল হতে?
"দ্বীপশিখা লেখালেখি প্রতিযোগিতা -২০২০"
লেখক- রায়হান সোবহান ইমন

