দ্বীপশিখা লোগোদ্বীপশিখা
হোম / সাগর কন্যা কুতুবদিয়া দ্বীপে রোমাঞ্চকর ভ্রমণ
লেখক: সাইমুল হুদা সিদ্দিকী, ১২ মে ২০২০, ৩ বার পড়া হয়েছে

সাগর কন্যা কুতুবদিয়া দ্বীপে রোমাঞ্চকর ভ্রমণ

সাগর কন্যা কুতুবদিয়া দ্বীপে রোমাঞ্চকর ভ্রমণ

বঙ্গোপসাগরের বুক চিরে জেগে উঠা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কুতুবদিয়া দ্বীপ শতাব্দী পুরনো ঐতিহাসিক বাতিঘরের জন্য বিখ্যাত; সেটা আমরা কমবেশি সবাই জানি। দূরসমূদ্রের জাহাজের নাবিকদের পথ দেখানোর উদ্দেশ্যে ব্রিটিশ শাসনামলে দেশের প্রথম বাতিঘরটি নির্মিত হয়।

কুতুবদিয়া বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত একটি দ্বীপ উপজেলা; যা কুতুবদিয়া চ্যানেল দ্বারা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। কর্ণফুলী নদীর মোহনা থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের কোলে কুতুবদিয়া দ্বীপের অবস্থান। উপজেলা পরিসংখ্যান অফিসের হিসাবমতে, পুরো দ্বীপের আয়তন প্রায় ২১৫.৮ বর্গকিলোমিটার; যার ৯৩ বর্গকিলোমিটার  পানির উপরিভাগে দেখা যায়। অর্থাৎ ২৯ কিলোমিটার দীর্ঘ ও ৩.২ কিলোমিটার প্রস্থ। এর পূর্বে কুতুবদিয়া চ্যানেল ও বাঁশখালী, পেকুয়া এবং মহেশখালী উপজেলা এবং অপর তিন দিকে বঙ্গোপসাগর দ্বারা বেষ্টিত এই দ্বীপটি প্রাকৃতিক খনিজ সম্পদে ভরপুর। শতাব্দীকাল (১৯১৭ সালে) পূর্বে থানায় এবং ১৯৮৩ সালে উপজেলায় রূপান্তরিত হয় কুতুবদিয়া দ্বীপ। কুতুবদিয়া মূলত লবণ ও মৎস্য শিল্পের জন্য প্রসিদ্ধ। কুতুবদিয়ার শুঁটকি সারা বাংলাদেশ বিখ্যাত।

সংক্ষিপ্ত ইতিহাসঃ

দীর্ঘদিন ধরে কুতুবদিয়া দ্বীপের গঠন প্রক্রিয়া শুরু হলেও এ দ্বীপ সমুদ্র বক্ষ থেকে জেগে উঠে চতুর্দশ শতাব্দীর শেষের দিকে। ধারণা করা হয়, পঞ্চদশ শতাব্দীর শেষের দিকে এ দ্বীপে মানুষের পাদচারণা। “হযরত কুতুবুদ্দীন” নামে এক কামেল ব্যক্তি আলী আকবর, আলী ফকির, এক হাতিয়া সহ কিছু সঙ্গী নিয়ে মগ পর্তুগীজ বিতাড়িত করে এ দ্বীপে আস্তানা স্থাপন করেন। অন্যদিকে আরাকান থেকে পলায়ন রত মুসলমানেরা চট্টগ্রামের আশেপাশের অঞ্চল থেকে ভাগ্যান্বেষণে উক্ত দ্বীপে আসতে থাকে। জরিপ করে দেখা যায়, আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া, পটিয়া, চকরিয়া অঞ্চল থেকে অধিকাংশ আদিপুরুষের আগমন। নির্যাতিত মুসলমানেরা কুতুবুদ্দীনের প্রতি শ্রদ্ধান্তরে কুতুবুদ্দীনের নামানুসারে এ দ্বীপের নামকরণ করেন “কুতুবুদ্দীনের দিয়া”, পরবর্তীতে ইহা ‘কুতুবদিয়া’ নামে স্বীকৃতি লাভ করে। দ্বীপকে স্থানীয়ভাবে ‘দিয়া’ বা ‘ডিয়া’ বলা হয়। পরবর্তীতে বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে এই দ্বীপে বসবাস শুরু করে। বর্তমানে (২০১৭) এই দ্বীপের বয়স ৬০০ বছর পেরিয়ে গেছে। এই দ্বীপের আয়তন প্রায় ৩ ভাগের ২ ভাগ কমে গেছে এবং এখনও সাগরের ঢেউ এর প্রভাবে ভেঙ্গে সমুদ্রে পরিণত হচ্ছে সৌন্দর্যের লীলাভূমি সাগর-কন্যা কুতুবদিয়া দ্বীপটি।

সাগর কন্যা কুতুবদিয়া দ্বীপে রোমাঞ্চকর ভ্রমণ

সাগর কন্যা কুতুবদিয়া দ্বীপে রোমাঞ্চকর ভ্রমণ

কুতুবদিয়া দ্বীপ ও বাতিঘর নিয়ে ১৯৯১ সনে জেরম ডি’কস্তা কর্তৃক অঙ্কিত ডুডল


q কেন যাবেন কুতুবদিয়া ?

মানুষ ঠাসা শহরের চাপে আর থাকতে ইচ্ছা করছে না। ভাবছেন, কোথাও থেকে ঘুরে আসবেন। হাতে যে তালিকাটা আছে, তার প্রায় সবটুকুই দেখা শেষ। এখন নতুন কোনো জায়গার খোঁজে? তো, আর দেরি কেন, ঘুরে আসুন সাত শতাব্দী প্রাচীন স্রষ্টার এক রহস্যময় সৃষ্টি কুতুবদিয়া দ্বীপে।

ব-দ্বীপের বাংলাদেশে মনমাতানো একটি দ্বীপ-কুতুবদিয়া। বাতিঘরের জন্য প্রসিদ্ধ এ দ্বীপের চারদিকের নৈসর্গিক সৌন্দর্য যে কারো মন কেড়ে নেবে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই দ্বীপের পূর্ব দিকে আঁকাবাঁকা নদী, সারি সারি প্যারাবন, পশ্চিম উপকূল ঘেঁষে সাগরের বেলাভূমি, শ্বেতশুভ্র মিহি বালুরাশি, অপূর্ব সমুদ্র সৈকত, শামুক, ঝিনুক এবং ঝাঁকে ঝাঁকে লাল কাঁকড়া। দক্ষিণে সীমানাহীন লবণের মাঠ, উত্তর-পশ্চিম, পূর্ব-দক্ষিণ যে দিকেই তাকাই মাঝি-মাল্লার দেখা মিলে। লবণ শিল্পের জন্য প্রসিদ্ধ এ কুতুবদিয়ায় জীব বৈচিত্র্যের পাশাপাশি রয়েছে ঐতিহাসিক বাতিঘর, প্রাচীন স্থাপত্য কালারমার মসজিদ, বিশাল মৎস্য ভাণ্ডার। এছাড়াও রয়েছে দেশের প্রথম বায়ু-বিদ্যুৎ পাইলট প্রকল্প। দৃষ্টিনন্দন সারি সারি ঝাউ বাগান ঘেরা এই দ্বীপে সম্প্রতি গ্যাসক্ষেত্র আবিষ্কারের কথা জানিয়েছে পেট্রোবাংলা।


দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সেন্টমার্টিনের তুলনায় কুতুবদিয়া প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে কোন অংশেই কম নয়। সমুদ্র বেষ্টিত ৬ ইউনিয়ন বিশিষ্ট কুতুবদিয়া দ্বীপের পশ্চিমে রয়েছে ২২ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত। দ্বীপের পূর্বে চ্যানেল সংলগ্ন কুতুব আউলিয়ার সুযোগ্য উত্তরসূরি হযরত শাহ আবদুল মালেক আল কুতুবী (রহঃ) এর মাজার শরীফ। মাজারের পূর্বদিকে বিসিক’র বিশাল লবণ উৎপাদন প্রদর্শনী খামার। লবণ মৌসুমে প্রতিদিন দেশী-বিদেশী, গবেষক, প্রযুক্তিবিদ ও কবি লেখক লবণ উৎপাদন প্রক্রিয়া স্ব-চোখে দেখতে আসেন। নগর জীবনের কর্মব্যস্ততার ফাঁকে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের রানী কুতুবদিয়ায় ভ্রমণে আসলে নিঃসন্দেহে মন প্রাণ জুড়িয়ে যাবে।

কুতুবদিয়া যাওয়ার আগে জেনে নিন এর আদ্যোপান্ত।

 

q কিভাবে যাবেন ?

বেশ কয়েকটি রুটে যাওয়া যায় দ্বীপ কুতুবদিয়ায়।     

 ঢাকা থেকে কুতুবদিয়া দ্বীপঃ

ঢাকা থেকে কুতুবদিয়া যেতে হলে প্রথমে কক্সবাজার এর চকরিয়া উপজেলার বাস স্ট্যান্ড এ গিয়ে সেখান থেকে মগনামা ঘাট হয়ে কুতুবদিয়া যেতে হবে। ঢাকা থেকে সোহাগ পরিবহন, টি আর ট্রাভেলস, গ্রীন লাইন পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, সেন্টমার্টিন পরিবহন, সৌদিয়া পরিবহন, এস আলম, শ্যামলী, ইউনিক, ঈগল ইত্যাদি এসি/ নন-এসি বাস কক্সবাজারের উদ্দেশ্যে প্রতিদিন যাত্রা করে। বাস ভেদে ভাড়া লাগবে ৬০০ টাকা থেকে ২০০০ টাকা পর্যন্ত। এসব বাসে করে কক্সবাজার এর চকরিয়া বাস স্ট্যান্ড নামতে হবে।

রাতে ঢাকা-কক্সবাজার বাসে, সকালে নামবেন চকরিয়ায় বরইতলী মোড়ে। বাজার থেকে ডান দিকে রাস্তা চলে গেছে। সি এন জি রিজার্ভ মগনাম ঘাট পর্যন্ত যাওয়া যায়। সময় লাগবে আনুমানিক ৪০-৫০ মিনিট। মগনামা ঘাট থেকে ইঞ্জিন নৌকা দিয়ে ৩০-৪০ টাকা ভাড়ায় ৩০ মিনিটে অথবা স্পিড বোটে ৮০-১২০ টাকা ভাড়ায় ৭-৮ মিনিটেই কুতুবদিয়া চ্যানেল পার হয়ে পৌঁছে যাবেন কুতুবদিয়া দ্বীপে। মগনামা ঘাট থেকে স্পিড বোটে বড়ঘোপ ঘাট কিংবা দরবার ঘাটের যেকোনো এক ঘটে যাওয়া যায়। কুতুবদিয়া দ্বীপের ঘাট থেকে বড়ঘোপ বাজার যেতে ২০-৩০ টাকা রিক্সা ভাড়া লাগবে।

ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কুতুবদিয়াঃ

বাসে বা রেলপথে চট্টগ্রাম গিয়ে সেখান থেকে কুতুবদিয়া।

অথবা

ঢাকা-কক্সবাজার রেল পথে কক্সবাজার আসা যাবে ভাড়া ৭৫০-৩০০০টাকা।

এর পর কক্সবাজার থেকে কুতুবদিয়া(নিচে দেয়া আছে)

চট্রগ্রাম থেকে কুতুবদিয়া দ্বীপঃ

দেশের যেকোনো প্রান্ত থেকে চট্টগ্রামে এসে ফিরিঙ্গি-বাজার ব্রীজঘাটে কুতুবদিয়া গামী যাত্রীবাহী ট্রলার ধরতে হবে।প্রতিদিন সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে দুটি ট্রলার ছেড়ে যায় কুতুবদিয়ার উদ্দেশ্যে। যাওয়ার পথে কর্ণফুলীর বুকে নোঙর করা অসংখ্য জাহাজ, ট্রলার আর কার্গো দৃষ্টি কেড়ে নিবে সকলের। কুতুবদিয়ার বড়ঘোপ স্টিমার ঘাটে নেমে উপজেলা সদরে যেতে পারবেন রিকশায় চেপে।

চট্টগ্রামের বহদ্দারহাট বাস স্ট্যান্ড কিংবা নতুন ব্রিজের বাস স্ট্যান্ড মগনামাগামী বাসে(সানলাইন বা এস.আলম) করে মগনামা যাওয়া যাবে। মগনামা যেতে সময় লাগে প্রায় আড়াই থেকে সাড়ে তিন ঘন্টার মতো।

অথবা চট্টগ্রামের বহদ্দারহাট বাস স্ট্যান্ড কিংবা নতুন ব্রিজের বাস স্ট্যান্ডথেকে চকরিয়ায়/কক্সবাজার গামী যে কোন বাসে করেই চকরিয়া যাওয়া যায়। চকরিয়া যেতে সময় লাগবে প্রায় আড়াই থেকে প্রায় তিন ঘন্টার মত। চকরিয়া বাস স্ট্যান্ড থেকে লোকাল সিএনজি করে মগনামা ঘাটে যেতে হবে। সময় লাগবে আনুমানিক ৪০-৫০ মিনিট।

এছাড়া চট্টগ্রামের নতুন ব্রিজ থেকে সিএনজি দিয়ে ২-৩ ঘন্টা সময়ে যেতে পারবেন মগনামা ঘাট। চট্টগ্রামের ফিরিঙ্গা বাজার থেকে সকাল ৭ টায় জনপ্রতি ১০০ টাকায় ইঞ্জিন কাঠ বোটে সরাসরি কুতুবদিয়া দ্বীপের বড়ঘোপ ঘাঠে যাওয়া যায়।

কক্সবাজার থেকে কুতুবদিয়াঃ

কক্সবাজার থেকে চকরিয়া বাস স্ট্যান্ড হয়ে মগনামা ঘাটে যাওয়া যায় কিংবা কক্সবাজার থেকে মহেশখালি নৌপথে গিয়ে মহেশখালি থেকে সড়কপথে মগনামা ঘাট যাওয়া যায়। অথবা কক্সবাজার থেকে নৌপথে সরাসরি কুতুবদিয়ার বড়ঘোপ ঘাটে যাওয়া যায়।

চকরিয়া থেকে কুতুবদিয়াঃ

চকরিয়া বাস স্ট্যান্ড থেকে লোকাল সিএনজি করে জনপ্রতি ৬০-৮০ টাকা ভাড়ায় (রিজার্ভ ২৮০-৩২০ টাকা) মগনামা ঘাটে যেতে হবে। সময় লাগবে আনুমানিক ৪০-৫০ মিনিট। মাগনামা ঘাট থেকে ইঞ্জিন নৌকা দিয়ে অথবা স্পিড বোটে কুতুবদিয়া চ্যানেল পার হয়ে পৌঁছে যাবেন কুতুবদিয়া দ্বীপে। মগনামা ঘাট থেকে স্পিড বোটে বড়ঘোপ ঘাট কিংবা দরবার ঘাটের যেকোনো এক ঘটে যাওয়া যায়। কুতুবদিয়া দ্বীপের ঘাট থেকে বড়ঘোপ বাজার যেতে ২০ থেকে ৩০ টাকা রিক্সা ভাড়া লাগবে।

q কখন যাবেন ?

শুষ্ক মৌসুম (নভেম্বর থেকে মার্চ ) কুতুবদিয়া ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। কুতুবদিয়া দ্বীপ ভ্রমণের জন্য শীতকাল বেছে নিন। কারণ, এ দ্বীপে শীতকালে লবণ চাষ হয়। শুঁটকির প্রক্রিয়াকরণও চলে শীত মৌসুমে। আর সামুদ্রিক মাছও পাওয়া যায় পর্যাপ্ত। এ ছাড়া তাপ কম থাকায় সমুদ্রপথে ট্রলার ভ্রমণটাও হবে আরামদায়ক। ট্রলারে যাওয়ার সময় সকালের নাশতা সঙ্গে নিতে অবশ্যই ভুলবেন না।

q কোথায় থাকবেন ?

কুতুবদিয়ায় অবস্থান করার জন্যে রয়েছে উন্নতমানের আবাসিক হোটেল। জেলা প্রশাসকের ডাক বাংলো, হোটেল সমুদ্র-বিলাস ও হোটেল আলমাস নামের এসব হোটেল রয়েছে দ্বীপের বড়ঘোপ বাজারে। সবচেয়ে ভালো হয় হোটেল সমুদ্র-বিলাসে থাকলে। এখানে বসে উপভোগ করা যায় সমুদ্রের নয়নাভিরাম সৌন্দর্য।

এখানে রয়েছে ভালোমানের খাবারের ব্যবস্থাও। ক্যাফে আলম, নিউ মদিনাসহ একাধিক খাবার হোটেল। যেখানে কম খরচে পাওয়া যাবে সকল প্রকার সুস্বাদু সামূদ্রিক-মাছের পরিবেশনা। তাজা দেশি গরুর মাংসও পাবেন কম মূল্যে।

q কিভাবে বেড়াবেন?

পার্বত্যাঞ্চলের চাঁদের গাড়ির আদলে চলাচলের জন্য এখানে আছে ফোর হুইল ড্রাইভ গাড়ি (জিপ নামেই বেশি পরিচিত)। টেম্পো আর রিকশাও আছে পর্যাপ্ত। চাইলে একদিনেই ঘুরে দেখা সম্ভব কুতুবদিয়ার সব দর্শনীয় স্থান। তার জন্য আপনাকে সারাদিনের জন্য একটি জীপ বা ট্যাক্সি ভাড়া করতে হবে। ছয়শ থেকে একহাজার টাকার মধ্যে আপনি এসব গাড়ি পাবেন। ভ্রমণকারীর সংখ্যা দশ বা ততোধিক হলে জীপ ভাড়া করবেন অন্যথায় ট্যাক্সি চড়ে দেখতে পারেন কুতুবদিয়ার সব আকর্ষণীয় স্থান।

q যা যা দেখতে অবশ্যই ভুলবেন নাঃ  

০১। কুতুবদিয়া সমুদ্রসৈকতঃ

কুতুবদিয়া সমুদ্রসৈকতের নৈসর্গিক রূপে বিমুগ্ধ হয়েছেন পল্লীকবি জসীম ঊদ্দীন, শুটিং করতে ছুটে এসেছিলেন নায়করাজ রাজ্জাক ও শাবানা। পল্লীকবি জসীম উদ্দীনের রচিত বেদারউদ্দীনের গাওয়া গান “দেইখ্যা আইলাম সোনার কন্যা কুতুবদিয়ার চরে” কুতুবদিয়ার সুবিশাল সৈকতে বসেই রচিত ও গীত হয়েছিল বলে শ্রুত। 

সাগর কন্যা কুতুবদিয়া দ্বীপে রোমাঞ্চকর ভ্রমণ

কুতুবদিয়া সৈকত; সূর্য নেমে যায় যেন সমুদ্রে

কুতুবদিয়া দ্বীপের পশ্চিম কূল-জুড়ে সমুদ্রতট। তবে মূল সৈকত বড়ঘোপ আর ধুরুং এলাকাজুড়ে। কুতুবদিয়ার সমুদ্র সৈকত উত্তর-দক্ষিণে প্রায় ২২ কিলোমিটার দীর্ঘ। বেশিরভাগ এলাকাই বেশ নির্জন। পর্যটকের আনাগোনা তেমন নেই বললেই চলে। মাঝে মাঝে শুধু আছে জেলেদের কর্মব্যস্ততা, চোখে পড়ে সারি সারি মাছ ধরার নৌকা ও শুটকি উৎপাদনের মাঠ।

সাগর কন্যা কুতুবদিয়া দ্বীপে রোমাঞ্চকর ভ্রমণ

চোখে পড়বে সারি সারি নৌকা ও জেলেদের কর্মব্যস্ততা 

নির্জন সাগরের বেলাভূমি, শ্বেতশুভ্র মিহি বালুরাশি, কোথাও কোথাও সারি সারি ঝাউবন, সুন্দর সৈকত, সাগরের ঢেউ, সমুদ্রের গর্জন, জোয়ারের উচ্ছৃঙ্খল আছড়ে পড়া, কল্লোলিত দিগন্ত বিস্তৃত সাগরের জলরাশি, তার উপরে নারীর কপালের লাল টিপের মতো অস্তগামী সূর্যের কিরণজাল প্রতিফলিত দেখা অত্যন্ত আকর্ষণীয়।

সাগর কন্যা কুতুবদিয়া দ্বীপে রোমাঞ্চকর ভ্রমণ

মনোমুগ্ধকর সূর্যাস্তের সময় মানুষের জীবনসংগ্রাম

কুতুবদিয়া সৈকতের আরেকটি প্রধান বৈশিষ্ট্য হল প্রচুর গাংচিল ঘুরে বেড়ায় এখানে। নির্জনতার সুযোগে সৈকতের কোথাও কোথাও লাল কাঁকড়াদের দল ঘুরে বেড়ায় নির্ভয়ে। সুন্দর তটে ফুটবল আর ক্রিকেট খেলায় মেতে ওঠে এখানকার তরুণেরা। সূর্যাস্তের পর গোধূলির আলো স্মিত হওয়ার আগেই বহির্নোঙরে অপেক্ষমাণ জাহাজের আলো ছড়িয়ে পড়ে সাগরের জলে। সে এক অসাধারণ দৃশ্য!

সূর্যাস্তের দৃশ্য দেখার জন্য কুতুবদিয়ার সৈকত আদর্শ জায়গা। যেখানে সাগরের নীল জলরাশি আর দিগন্তের আকাশের অস্তমিত লাল সূর্য মিলে মিশে একাকার। প্রাকৃতিক আবহে অপরূপ সাজে সন্ধ্যা নামে এখানে। সিলিকা বালি সমৃদ্ধ সৈকতে ঢলে পড়া সূর্যের তির্যক আলোতে গোধূলি বেলা উপভোগ করে এখানকার প্রকৃতি-প্রেমীরা। শান্ত সাগরের কল কল রবে ভয়ে যাওয়া স্রোতে সূর্যের আলো যেন সোনালি রঙ মেখে দেয়। আকাশের সাদা-কালো মেঘের ঘনঘটার সংমিশ্রণ যেন বর্ণিল সাজের মনোমুগ্ধকর সৌন্দর্যের হাতছানি। সৈকতে সারি সারি ঝাউ-বীথি বালিয়াড়ি সৈকতের রূপকে আরও দ্বিগুণ করেছে।

সাগর কন্যা কুতুবদিয়া দ্বীপে রোমাঞ্চকর ভ্রমণ

ঝাঊবনশোভিত সৈকত

রাতের সৈকত অন্য রকম রূপ নিয়ে হাজির হয় এখানে। পূর্ণিমার জোছনা-স্নাত তটে বসে জোয়ারের গর্জন রোমাঞ্চিত করে পর্যটকদের। সাগরের বুকে নোঙর করা আলোকময় জাহাজগুলো যেন এক একটা ভাসমান  আলোকপুঞ্জ।  দক্ষিণ ধুরুং-এর বাতিঘরের আলো উদ্দীপনা জাগাবে আপনাকেও। যার আলোয় নাবিকদের দুচোখ চিকচিক করে ওঠে। রাতের নির্জন সৈকতে মেতে উঠতে পারেন বারবিকিউ পার্টিতে।

সাগর কন্যা কুতুবদিয়া দ্বীপে রোমাঞ্চকর ভ্রমণ

ঝাঊবনশোভিত সৈকতে বালি নিয়ে খেলায় মেতে উঠে শিশুরা, চাইলে এমনভাবে হারিয়ে যেতে পারেন শৈশবের দিনগুলোতে

সকালের সমুদ্রসৈকত আবার আরেক রূপে বিমোহিত করবে আমাদের। একেবারে নির্জন ও শান্ত-কোমল সাগর পাড়। ভেজা তটে হেঁটে বেড়াতে বেড়াতে লাল কাঁকড়ার খেলা দেখে মুগ্ধ না হয়ে পারবেন না। সোনাদিয়া সৈকতের মতো এখানেও প্রচুর লাল কাঁকড়ার বিচরণ রয়েছে। সোনাদিয়ায় দেখা যায় এদের দলবদ্ধভাবে চলতে। এখানে বিচ্ছিন্নভাবে।

সাগর কন্যা কুতুবদিয়া দ্বীপে রোমাঞ্চকর ভ্রমণ

লাল কাঁকড়াদের ভেলকি আর শামুক-ঝিনুকের সমারোহ

০২। কুতুবদিয়া বাতিঘরঃ

সমুদ্রপথে চলাচলকারী জাহাজের নাবিকদের পথ দেখাতে বহুকাল আগে কুতুবদিয়ায় তৈরি করা হয়েছিল একটি বাতিঘর। পুরানো সেই বাতিঘর সমুদ্রে বিলীন হয়েছে বহু আগে। তবে এখনও ভাটার সময় সেই বাতিঘরের ধ্বংসাবশেষ কখনও কখনও জেগে উঠতে দেখা যায়। পুরানো বাতিঘরের এলাকায় পরে যে বাতিঘর তৈরি করা হয়েছিল সেটিই এখন নাবিকদের পথ দেখায়। বড়ঘোপ বাজার থেকে সমুদ্র সৈকত ধরে উত্তর দিকে কিছু দূর গেলে বর্তমান বাতিঘরের অবস্থান।

সাগর কন্যা কুতুবদিয়া দ্বীপে রোমাঞ্চকর ভ্রমণ

নতুন বাতিঘর রোমাঞ্চিত করে নাবিকদের

বাতিঘরের ইতিহাসঃ প্রাচীনকাল থেকে চট্টগ্রাম ছিল একটি সমুদ্রবন্দর। খ্রিস্টীয় নয় শতক থেকে আরব বণিকগণ চট্টগ্রামের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ স্থাপন করে। বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠার পর (চৌদ্দ শতক) থেকে চট্টগ্রাম বন্দর একটি ব্যস্ত আন্তর্জাতিক বন্দরে পরিণত হয়। সেকালে সামুদ্রিক জাহাজে উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি ছিল না, অভিজ্ঞ নাবিকরা প্রাচীন প্রচলিত পদ্ধতিতে সাগর-মহাসাগর পাড়ি দিতেন। ব্রিটিশ শাসনামলে বন্দরের শ্রীবৃদ্ধি ঘটলেও সমুদ্রে জাহাজ পরিচালনায় কোন সুনির্দিষ্ট নির্দেশনার ব্যবস্থা ছিল না। ১৮২২ সালে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস উপকূল-ভাগ বিধ্বস্ত করে দেয়। প্লাবনের ফলে চট্টগ্রাম বন্দর এলাকায় সমুদ্র-বক্ষে পলি জমে সৃষ্টি হয় অনেক চর। বিস্তীর্ণ এলাকায় নতুন নতুন চর জেগে ওঠার ফলে চট্টগ্রাম বন্দরে দেশী-বিদেশি জাহাজ চলাচলে সমস্যা দেখা দেয়। নির্বিঘ্নে জাহাজ চলাচলের স্বার্থে ব্রিটিশ সরকার বাতিঘর স্থাপনের জন্য জরিপ কাজ পরিচালনা করে এবং চট্টগ্রাম বন্দর থেকে প্রায় ২৫ মাইল দক্ষিণে তিনদিকে বঙ্গোপসাগর পরিবেষ্টিত কুতুবদিয়ায় একটি সুউচ্চ বাতিঘর স্থাপন করার সিদ্ধান্ত নেয়। বঙ্গোপসাগরে চলাচল-রত জাহাজকে সংকেত দেখানোর জন্য চট্টগ্রাম বন্দর ও সামুদ্রিক এলাকায় বিভিন্ন সময় সেন্টমার্টিনস, কক্সবাজার, নরম্যান্স পয়েন্ট, পতেঙ্গা ও কুতুবদিয়ায় বাতিঘর স্থাপন করা হয়। এসব বাতিঘরের বিচ্ছুরিত আলো ২৫-৩৫ কি.মি গভীর সমুদ্র থেকে দেখা যায়। সবচেয়ে প্রাচীন বাতিঘর স্থাপিত হয় কক্সবাজার জেলার কুতুবদিয়ায়। কুতুবদিয়া বাতিঘরের নির্মাণকাল ১৮৪৬ সাল এবং ঘূর্ণায়মান বাতি স্থাপিত হয় ১৮৯২ সালে।

পাথরের ভিতের উপর নির্মিত কুতুবদিয়া বাতিঘরটির উচ্চতা ছিল প্রায় ৪০ মিটার। এর ছয়টি কামরায় পাটাতন ও সিঁড়ি ছিল কাঠের। সর্বোচ্চ কামরায় আট ফিতার ল্যাম্প বসানো হয়েছিল। ল্যাম্পের জ্বালানি ছিল নারিকেল তেল। বাতিঘরের নিচতলা ছিল মাটির নিচে এবং এর দেয়াল ছিল খুবই পুরু। এ বাতিঘর নির্মাণ করতে ব্যয় হয়েছিল ৪,৪২৮ টাকা। আট তলা এ বাতিঘরের প্রতি তলার উচ্চতা ছিল প্রায় ৫ মিটার। প্রতি কক্ষে ছিল কাঁচের জানালা। সর্বোচ্চ কক্ষে জ্বালানো হত বাতি। একটি কাঠের ফ্রেমে রাখা বাতিটি প্রতিদিন সূর্যাস্তের আগে জ্বালানো হত। ব্রিটিশ ক্যাপ্টেন হেয়ারের তত্ত্বাবধানে ও ইঞ্জিনিয়ার জে এইচ টুগুডের নির্দেশনায় কুতুবদিয়ার বাতিঘরটি নির্মিত হয়। দক্ষিণ ধূরুং ইউনিয়নের আলী ফকির ভেইলে পশ্চিম সমুদ্র উপকূলে নির্মিত এ বাতিঘরটি ১৮৯৭ সালের প্রচণ্ড ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়, সমগ্র লাইট হাউজ নড়বড়ে হয়ে যায়। লাইট হাউজের রক্ষকের বাসভবন বিধ্বস্ত হয়। ভবনের কাঠের মেঝে বাতাসের তীব্রতায় প্রায় ৭০ মিটার দূরে ছিটকে পড়ে। ভবনের টিনের তৈরি ছাদ আশপাশের মাঠে গিয়ে আছড়ে পড়ে। স্তূপীকৃত বড় বড় পাথর পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে যায়। ১৯৬০ সালের ঘূর্ণিঝড় ও সামুদ্রিক জলোচ্ছ্বাসে স্থায়ী ভাঙ্গনে বিলীন হবার পূর্ব পর্যন্ত এ বাতিঘর বিরামহীন আলো দেখিয়ে সমুদ্রগামী জাহাজের নাবিকদের প্রায় ৩৫ কি.মি দূর থেকে দিকনির্দেশনা দিত।

১৯৬৫ সালে বেড়িবাঁধের ভেতর তৈরি হয়েছে নতুন বাতিঘর। প্রাচীন বাতিঘরটি সাগরের ভাঙ্গনের কবলে পড়ে ক্রমশ স্থলভাগ থেকে দূরে সরে যাচ্ছে এবং ঢেউয়ের আঘাতে, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ফলে নিশ্চিহ্ন হতে চলেছে। বর্তমানে লোহার তৈরি সুউচ্চ বাতিঘর প্রাচীন বাতিঘরের কথাই শুধু মনে করিয়ে দেয়।

সাগর কন্যা কুতুবদিয়া দ্বীপে রোমাঞ্চকর ভ্রমণ

এককালে দাঁড়িয়ে ছিল ঐতিহাসিক সেই বাতিঘর

০৩। কুতুবদিয়া চ্যানেলঃ

কুতুবদিয়ার চ্যানেল বেশ বড় যা মাতামুহুরি ও শঙ্খ নদীর মোহনাকে সংযুক্ত করেছে। সারা বছর বেশ উত্তাল থাকলেও শীতের মৌসুমে মোটামুটি শান্তই থাকে। দ্বীপের বড়ঘোপ ঘাট ও দরবারের ঘাটের মাঝখানে সারি সারি প্যারাবন চোখে পড়বে; দেখতে পাবেন সারি সারি মাছ ধরার নৌকাও। মগনামা ঘাট থেকে এই চ্যানেল পাড়ি দিয়েই পৌঁছতে হবে দ্বীপে।

সাগর কন্যা কুতুবদিয়া দ্বীপে রোমাঞ্চকর ভ্রমণ

কুতুবদিয়া চ্যানেল; ঘাটে সারি সারি নৌকা বাঁধা ও অদূরে প্যারাবন দেখা যায়

সাগর কন্যা কুতুবদিয়া দ্বীপে রোমাঞ্চকর ভ্রমণ

স্পীডবোটে চ্যানেল পাড়ি পুলকিত করে পর্যটকদের

০৪। বায়ু-বিদ্যুৎ কেন্দ্রঃ

বাংলাদেশের সবচেয়ে বড় বায়ু-বিদ্যুৎ কেন্দ্র কুতুবদিয়ায় অবস্থিত। প্রায় এক হাজার কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন এই নান্দনিক বিদ্যুৎ-কেন্দ্র গড়ে তোলা হয়েছে সৈকতের দক্ষিণ প্রান্তে, আলী আকবরের ডেইল এলাকায়। বাতাসের শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় এখানে। ঘূর্ণ্যমান টার্বাইনগুলো দেখতে যতই-না ভালো লাগবে তার চেয়ে বেশি ভালো লাগবে এখানে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখতে। এখানে দেখতে পারবেন প্রাকৃতিক-ভাবে লবণ উৎপাদনের দৃশ্যও। লবণ শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমে কিভাবে সাগরের পানি লবণে পরিণত হয় তা খুব সহজে দেখতে পারবেন। চাইলে জেনে নিতে পারেন লবণ উৎপাদনের কৌশলও। বায়ু-বিদ্যুৎ থেকে হোটেলে ফিরে আসার পথে কুতুব আউলিয়ার মাজারও জিয়ারত করে আসতে পারেন। দেখতে ভুল করবেন না দেশের বড় এই বায়ু-বিদ্যুৎ কেন্দ্র।

০৫। কুতুব শরীফ দরবারঃ

দ্বীপের দক্ষিণ ধূরুং এলাকায় কুতুব শরীফ দরবার অবস্থিত। এই দরবারের প্রতিষ্ঠাতা শাহ আব্দুল মালেক আল কুতুবী (রহ.)। প্রতিবছর তাঁর মৃত্যুবার্ষিকীতে (৭ ফাল্গুন) দেশ-বিদেশের হাজারও ভক্তের সমাগম ঘটে এখানে। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদও বেশ কয়েকবার এসেছেন এ দরবার শরীফে। কুতুব শরীফ দরবারে এসে মালেক শাহের মাজার জিয়ারত করে কিছু তবরুকও নিয়ে যেতে পারেন। বর্তমানে কুতুব শরীফ দরবারের দায়িত্বে আছেন তাঁরই পুত্র শাহজাদা শেখ ফরিদ।

মাজারের পূর্বদিকে বিসিক’র বিশাল লবণ উৎপাদন প্রদর্শনী খামার রয়েছে। লবণ মৌসুমে প্রতিদিন দেশী-বিদেশী, গবেষক, প্রযুক্তিবিদ ও কবি লেখক লবণ উৎপাদন প্রক্রিয়া স্ব-চোখে দেখতে আসেন। 

০৬। প্রাকৃতিক উপায়ে লবণচাষ ও শুটকি উৎপাদনঃ

শুষ্ক মৌসুমে কুতুবদিয়ার জমিতে লবণ চাষ হয়। এ সময়ে সেখানে গেলে দেখা যাবে মাঠে মাঠে কৃষকদের লবণ চাষের ব্যস্ততা। দ্বীপের সর্বত্রই কম-বেশি লবণের চাষ হয়। তবে সবচেয়ে বেশি লবণের মাঠ তাবলের চর, কৈয়ারবিল, লেমশেখালী-এ রয়েছে। প্রাকৃতিক উপায়ে লবণ উৎপাদনের নানান কৌশলও দেখা যাবে এখানে

শুটকি খেতে ভালোবাসে না এমন কাউকে খুঁজে পাওয়া দুষ্কর। শুষ্ক মৌসুমে এই শুটকির বিশুদ্ধ উৎপাদন হয় কুতুবদিয়ায়। সাগর থেকে ধরা তরতাজা লইট্যা, সুন্দরি, ছুরি, ইছা, চ্যাপা, ফাইস্যাসহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ সূর্যের প্রখর রোদে শুকিয়ে বাজারজাত করে এখানকার মৎস্যজীবী জেলেরা। শুটকি উৎপাদনের দৃশ্য স্বচক্ষে দেখে কিছু পরিমাণ স্বল্প-দামে কিনেও নিতে পারেন পরিবারের জন্য 

 

০৭। প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহঃ

কুতুবদিয়ার প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহের মধ্যে কালারমার মসজিদ ও কুতুব আউলিয়ার সমাধিসৌধ অন্যতম। কালারমার মসজিদ দ্বীপের উত্তর ধূরুং-এ  এবং কুতুব আউলিয়ার মাজার আলী আকবর ডেইলে অবস্থিত ।

 

ঐতিহাসিক কালারমার মসজিদঃ কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার ১নং উত্তর ধূরুং ইউনিয়নের কালের সাক্ষী বহনকারী স্থান হল ঐতিহাসিক কালারমার মসজিদ। ১নং উত্তর ধূরুং ইউনিয়নে অবস্থিত এই মসজিদটি শুধু কুতুবদিয়ার জন্য নয় সারা বাংলাদেশের জন্য একটা বিখ্যাত মসজিদ।এই মসজিদের রহিয়াছে নানা গুণগান, রয়েছে নানা ইতিহাস। নিম্নে এই সম্পর্কে আলোকপাত করা হল-


নামকরণঃ কথিত আছে আজ থেকে প্রায় ৩৫০ বছর আগে যখন কুতুবদিয়া উপজেলায় অতি কমসংখ্যক জনসংখ্যার বাস তখন অত্র ইউনিয়নে বাস করত একজন মহিলা। মহিলার নাম জানা যায়নি এবং তার স্বামীর নামও জানা যায়নি। তবে ঐ মহিলার একজন পুত্র ছিল । তার নাম কালা। সেই মহিলা একদিন তার স্বামীর কাছে আবদার করে তার মরণ পর একটা স্মৃতি রেখে যাওয়ার জন্য ।তখন তার স্বামী ছোট কুটির অর্থাৎ  গোলপাতার ছাউনি দ্বারা একটি মসজিদ ঘর তৈরি করে দেয়। পরে তার পুত্রের নাম অনুসারে এটাকে কালারমার মসজিদ নামকরণ করা হয়।


স্থাপিত কাল: আজ থেকে প্রায় ৩৫০ বছর আগে এটা স্থাপিত হয়।
নির্মাণ ও সংস্করণ কাল:
১ম নির্মাণ: কালারমার স্বামী
২য় সংস্করণ: তৎকালীন জমিদার জনাব মরহুম মনু শিকদার আজ থেকে প্রায় ৭০ বছর আগে মসজিদটির ভেতরের অংশ পাকা করেন।
৩য় সংস্করণ: মরহুম মনু শিকদারের ১ম পুত্র মরহুম শেখ রফিক আহমদ চৌধুরী এর বাইরের অংশ অর্থাৎ বারান্দা নির্মাণ করে মসজিদটিকে সুন্দর করে তুলেন।বর্তমানে মসজিদের পরিচালক হিসেবে রয়েছেন আ.স.ম শাহরিয়ার চৌধুরী।
মসজিদের ধরণ:

সম্পূর্ণ পাকা।১ তলা বিশিষ্ট।ভিতরে ঐতিহাসিক কারুকাজ যা অতি মুগ্ধকর।পশ্চিমের দেওয়ালে সূরা ইয়াসিন সুন্দর হস্তে কারুকাজ কৃত।মসজিদের সামনে বড়-পুকুর ঘেরাও করা ।

সাগর কন্যা কুতুবদিয়া দ্বীপে রোমাঞ্চকর ভ্রমণ

মসজিদের সম্মুখ অংশ

সাগর কন্যা কুতুবদিয়া দ্বীপে রোমাঞ্চকর ভ্রমণ

মসজিদের ভিতরের দৃষ্টিনন্দন কারুকার্য

 প্রয়োজনীয় তথ্য: 

সৈকতে জোয়ার ভাটা চিহ্নিত করার কোনো ব্যবস্থা নেই। তাই নিজ দায়িত্বে জোয়ার-ভাটার সময় জেনে সমুদ্র স্নানে নামতে হবে। ভাটার সময় সমুদ্রে নামা বিপজ্জনক।

প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ে কুতুবদিয়া ঘুরতে যাওয়া মোটেই উচিত হবে না।

১টি মন্তব্য

K
Karim ১১ নভেম্বর ২০২৬

Great info