দ্বীপশিখা লোগোদ্বীপশিখা
হোম / ইতিহাস / দ্বীপশিখার অগ্রযাত্রা ও ভবিষ্যৎ কর্মপন্থা
এডমিন২২ এপ্রিল ২০১৯৩ বার পড়া হয়েছে
পড়ার মোড

দ্বীপশিখার অগ্রযাত্রা ও ভবিষ্যৎ কর্মপন্থা

 

"He who wishes to secure the good of others, has already secured his own."

— Confucius

আমাদের সবার শিকড় এক, মনোরম সৌন্দর্যের অধিকারী সাগরদ্বীপ কুতুবদিয়া। বঙ্গোপসাগরের তরঙ্গের তালে তালে হেসে-খেলে আমাদের বেড়ে ওঠা। জলবায়ু পরিবর্তন কী তা বুঝে ওঠার আগেই দেখেছি মানুষের ঘরবাড়ি ও ফসলি জমিতে জোয়ার-ভাটার নিষ্ঠুর খেলা। অমাবস্যা-পূর্ণিমার ভরা জোয়ারে বেড়িবাঁধ ভেঙে লোনাপানি ঢুকলে বন্ধুরা মিলে উৎসাহ নিয়ে দেখতে যেতাম। তখন সবে হাইস্কুলে পড়ি; সমুদ্রের উত্তাল গর্জনে মিশে থাকা গৃহস্থের কান্না কিংবা কৃষকের আহাজারির সুরের মর্ম বোঝার ক্ষমতা আমার হয়নি। সময়ের সাথে সাথে একটু একটু বড় হয়েছি, উচ্চশিক্ষার তাগিদে জন্মস্থানের মায়া ত্যাগ করে শহরে পাড়ি জমিয়েছি। এখন বুঝি জলবায়ু পরিবর্তনের প্রভাবজনিত কারণে আমাদের প্রাণের কুতুবদিয়া সবচেয়ে বেশি অস্তিত্ব সংকটে। আমাদের পূর্বপুরুষের সম্পত্তি দিন দিন বঙ্গোপসাগরে হারিয়ে যাচ্ছে; হয়তো আমাদের টেকসই সম্পদ বলতে কেবল শিক্ষাই টিকে থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজীবনের শুরুর দিকে একা একা ভীষণ অসহায় লাগত। ঢাবিতে বিভিন্ন এলাকার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগের মাধ্যম হিসেবে ছাত্র সংগঠন ছিল; কুতুবদিয়ার শিক্ষার্থীদের এমন কোনো প্ল্যাটফর্ম ছিল কি না, তখনো জানতাম না। ইংরেজিতে একটি কথা আছে— "A man who builds walls instead of bridges has no right to complain if he is alone." অর্থাৎ, কেউ যদি সেতুর বদলে প্রাচীর রচনা করে নিঃসঙ্গ হয়, তাহলে সে অভিযোগ করার অধিকারটিও হারায়। আমার মতো কুতুবদিয়ার যেসব শিক্ষার্থীরা রাজধানী ঢাকার বুকে পড়াশোনা করতে এসেছেন, সবাই হয়তো সংঘবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। তারই তাগিদে 'ঢাকাস্থ কুতুবদিয়া ছাত্র কল্যাণ পরিষদ' নামক ফেসবুক গ্রুপ খোলা হয়েছিল। এক সিনিয়র ভাইয়ের সুবাদে ফেসবুক গ্রুপটিতে যুক্ত হওয়ার কল্যাণে কুতুবদিয়ার অনেক মেধাবী মুখের সাথে পরিচিত হওয়ার সৌভাগ্য অর্জন করি। শুরুর দিকে এই গ্রুপটিই ছিল ঢাকাস্থ কুতুবদিয়ার শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগের একমাত্র মাধ্যম। 'ঢাকাস্থ কুতুবদিয়া ছাত্র কল্যাণ পরিষদ' নামক ফেসবুক গ্রুপ থেকে আজকের 'দ্বীপশিখা (কুতুবদিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা)'-এর উত্থান ও ক্রমশ সামনে এগিয়ে চলা। দ্বীপশিখার শুরুর দিককার ইতিবৃত্ত জানতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে।

২১শে মে, ২০১৬ ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে তিন থেকে চার ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয় কুতুবদিয়া। এতে কুতুবদিয়ার দক্ষিণ ও উত্তর দিকের বেড়িবাঁধ সম্পূর্ণ ধ্বংস হয়ে পড়ে। একদিকে ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে জনজীবনের চরম বিপর্যয়, অন্যদিকে ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি অবাধে লোকালয়ে প্রবেশ করত। এর সপ্তাহখানেক পর ২৭শে মে, ২০১৬ রোজ শুক্রবার, সকাল সাড়ে এগারোটা; সূর্যের কড়া রোদ উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে রাজু ভাস্কর্যের সামনে ঘূর্ণিঝড় রোয়ানু কবলিত কুতুবদিয়াসহ সকল উপকূলীয় অঞ্চল সুরক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ নিশ্চিত করার দাবিতে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে আমরা মানববন্ধনে দাঁড়িয়ে যাই। মানববন্ধনে ঘূর্ণিঝড় রোয়ানু দুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে সরকারের কাছে আমরা ছয় দফা দাবি পেশ করি। সেদিনের মানববন্ধনে করা আমাদের লিখিত দাবিসমূহ ছিল নিম্নরূপ—

০১. কুতুবদিয়াসহ সকল উপকূলীয় অঞ্চল সুরক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ নিশ্চিত করতে হবে।

০২. কুতুবদিয়ার পশ্চিমে দুই কিলোমিটার বহিঃসমুদ্রের ডুবোচরের উপর ৩০ মিটার বেইজওয়াল ও টেট্রাপডের মাধ্যমে বেড়িবাঁধ নির্মাণ করে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করা এবং মাননীয় প্রধানমন্ত্রীর গৃহীত “বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০” প্রকল্পে কুতুবদিয়াকে অন্তর্ভুক্ত করা হোক।

০৩. দুর্যোগকালীন সময়ে জরুরি খাদ্য ও পানীয় কর্মসূচি চালু করতে হবে।

০৪. টেকসই জীবনমান নিশ্চিত করার লক্ষ্যে উপকূলীয় অঞ্চলসমূহে প্রকৃতি-নির্ভর কর্মসংস্থান কর্মসূচি গ্রহণ করতে হবে।

০৫. ২০১৬-১৭ অর্থবছরে জাতীয় বাজেটে উপকূল উন্নয়নে বিশেষ বরাদ্দ দিতে হবে।

০৬. বাংলাদেশের দ্বীপাঞ্চল সুরক্ষা ও ব্যবস্থাপনা নীতিমালা গ্রহণের উদ্যোগ ও বাস্তবায়ন করতে হবে।

উল্লেখ্য, মানববন্ধনটি 'গ্রিনবেল্ট ট্রাস্ট' ও 'ঢাকাস্থ কুতুবদিয়া ছাত্র কল্যাণ পরিষদ'-এর যৌথ উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত হয়। আমরা কিছুটা মিডিয়া কভারেজও পেয়েছিলাম। অবশ্য রোয়ানু আঘাত হানার আগের দিনেই 'কুতুবদিয়া সমিতি, চট্টগ্রাম' কুতুবদিয়া রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে প্রথম মানববন্ধন করে।

মানববন্ধন করার কিছুদিনের মধ্যে 'গ্রিনবেল্ট ট্রাস্ট' ও 'ঢাকাস্থ কুতুবদিয়া ছাত্র কল্যাণ পরিষদ'-এর যৌথ উদ্যোগে ঢাবির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে কনসার্ট আয়োজন ও ইস্টার্ন মল্লিকাতে রিলিফ-বক্স বসিয়ে ঘূর্ণিঝড় রোয়ানু দুর্গতদের জন্য ফান্ড সংগ্রহ করা হয় এবং কবি জসীম উদ্দীন উচ্চ বিদ্যালয় ও আজগরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঘূর্ণিঝড় রোয়ানু দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণের পাশাপাশি কুতুবদিয়া রক্ষায় টেকসই বেড়িবাঁধের জন্য গণসচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে আমরা কুতুবদিয়াতেও মানববন্ধন ও গণসমাবেশ করি। বিশেষত উল্লেখ্য, ত্রাণ সংগ্রহ ও বিতরণে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন ও ঢাকা ইউনিভার্সিটি ব্যান্ড সোসাইটিও আমাদের পাশে ছিল।

ঐ বছর ঈদের দিন বিকেলে ঈদের আনন্দকে ম্লান করে দিয়ে উত্তর ধূরুং-এর ফুলতলা গ্রামে জোয়ারের পানিতে ভেসে চার শিশুর করুণ মৃত্যু হয়। তার পরিপ্রেক্ষিতে কুতুবদিয়া রক্ষায় টেকসই বেড়িবাঁধ ও কুতুবদিয়া উন্নয়নে জাতীয় গ্রিডের বিদ্যুৎ লাইন অন্তর্ভুক্তিকরণের প্রয়োজনীয়তা সরকারকে বোঝাতে 'গ্রিনবেল্ট ট্রাস্ট' ও 'ঢাকাস্থ কুতুবদিয়া ছাত্র কল্যাণ পরিষদ'-এর যৌথ উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করি এবং আমাদের দাবিসমূহ পুনরায় পেশ করি।

আমরা দেখেছি অপার সম্ভাবনাময় কুতুবদিয়া দ্বীপ দিন দিন অবহেলিত থেকে যাচ্ছে, গণমানুষের দাবিসমূহকে উপেক্ষা করা হয়েছে বারবার। আমরা যদি জন্মস্থান কুতুবদিয়ার জন্য টেকসই কিছু করতে চাই, তাহলে আমাদেরকে আরও সংঘবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠিত হওয়ার প্রয়োজনীয়তাবোধ থেকে 'ঢাকাস্থ কুতুবদিয়া ছাত্র কল্যাণ পরিষদ'-কে আরও কার্যকরী ও সাংগঠনিক কাঠামো প্রদানের লক্ষ্যে আমরা কার্জন হল সংলগ্ন সবুজ চত্বর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনের সবুজ চত্বরে বেশ কয়েক দফা বসে বারবার আলোচনা করি। আলোচনায় বিভিন্ন পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে পড়ুয়া ঢাকাস্থ কুতুবদিয়ার শিক্ষার্থীরা উপস্থিত থাকতেন। আমরা অনেক সিনিয়র ভাইদেরও পাশে পেয়েছি, যাঁরা আমাদের প্রতিনিয়ত উৎসাহ ও পরামর্শ দিতেন। সবার সম্মতি ও মতামতের ভিত্তিতে আমরা সংগঠনের গঠনতন্ত্র রচনা করি এবং সংগঠনের নতুন নাম ঠিক করা হয় 'দ্বীপশিখা (কুতুবদিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা)'।

“দ্বীপশিখা” ঢাকা শহরে অধ্যয়নরত কক্সবাজার জেলার অন্তর্গত দ্বীপ উপজেলা কুতুবদিয়ার শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি সম্পূর্ণ স্বাধীন, অরাজনৈতিক ও ছাত্র কল্যাণমূলক সংগঠন। ১২ই মে, ২০১৭ সালে ঢাবি সিনেট ভবনের নিচতলাতে শিক্ষা (Education), প্রগতি (Progression), বন্ধন (Unification)—এই তিনটি মূলনীতিকে সামনে রেখে এবং নিম্নোক্ত লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে দ্বীপশিখা (কুতুবদিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা) আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।

ক. ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত কুতুবদিয়া উপজেলার সকল শিক্ষার্থীকে পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে সংঘবদ্ধ রাখা।

খ. অত্র উপজেলার ছাত্র-ছাত্রীদের শিক্ষাজীবনে সম্মুখীন যেকোনো ধরনের সমস্যার সমাধানকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

গ. কুতুবদিয়া হতে আগত শিক্ষার্থীদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া, বিষয় নির্বাচন ও হলে আসন প্রাপ্তির বিষয়ে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা।

ঘ. কুতুবদিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার প্রতি উদ্বুদ্ধ করা, সুশিক্ষিত হওয়ার ক্ষেত্রে অনুপ্রাণিত করা এবং এক্ষেত্রে সাধ্যমতো সহযোগিতা করা।

ঙ. প্রাকৃতিক দুর্যোগ যেমন—ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও বন্যায় এলাকাবাসীর পাশে দাঁড়ানো।

চ. কুতুবদিয়ার বিভিন্ন সমস্যার সমাধান ও অবকাঠামোগত উন্নয়নে সংঘবদ্ধভাবে ভূমিকা রাখা।

ছ. ঢাকাস্থ কুতুবদিয়ার বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করা।

জ. সর্বোপরি, কুতুবদিয়াকে শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনে সমৃদ্ধশালী করা।

'দ্বীপশিখা' শুধু একটা ছাত্র সংগঠনের নাম নয়, এটা আগামী দিনের কুতুবদিয়া গড়ার প্রত্যয়ে একঝাঁক উদ্যমী, মেধাবী ও উদ্দীপ্ত তরুণদের হাতে সুশোভিত এক জ্বলন্ত প্রদীপের নাম; যার শিখায় আলোকিত হয়ে উঠবে আমাদের প্রিয় কুতুবদিয়া। প্রতিষ্ঠালগ্ন থেকে ঢাকাস্থ কুতুবদিয়ার ছাত্র-ছাত্রীদের শিক্ষাজীবনে সম্মুখীন বিভিন্ন সমস্যার সমাধানকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি কুতুবদিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার প্রতি উদ্বুদ্ধকরণ এবং কুতুবদিয়া সুরক্ষা ও টেকসই উন্নয়নে গণমানুষের দাবিসমূহ যথাযথ কর্তৃপক্ষের নিকট উপস্থাপনের নিমিত্তে কাজ করে যাচ্ছে দ্বীপশিখা (কুতুবদিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা)। দ্বীপশিখার কিছু সাম্প্রতিক ও রুটিন কাজের মধ্যে অন্যতম হলো—

► ঢাবিসহ ঢাকাস্থ অন্যান্য বিশ্ববিদ্যালয়সমূহে স্নাতক পর্যায়ে ভর্তিচ্ছুদের সার্বিক সহযোগিতা প্রদান,

► নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আয়োজন,

► ইফতার মাহফিল ও আলোচনা সভা আয়োজন,

► ঈদ পুনর্মিলনী আয়োজন,

► বার্ষিক বনভোজন আয়োজন,

► কুতুবদিয়ার গণমানুষের দাবিসমূহ অত্র এলাকার এমপি মহোদয়ের কাছে উপস্থাপন,

► কুতুবদিয়া সরকারি কলেজ ও ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনারের আয়োজন ইত্যাদি।

দ্বীপশিখার শুরু থেকে বর্তমানে এই পর্যন্ত আসার পেছনে যাঁরা অক্লান্ত পরিশ্রম, মূল্যবান সময় ও পরামর্শ ইত্যাদি দিয়ে আমাদের সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করেছেন, তাঁদেরকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য ঋণ স্বীকার কিংবা কৃতজ্ঞতার জালে আবদ্ধ করা আমাদের কাম্য নয়। প্রত্যেকেই দ্বীপশিখার সাফল্যের সমান অংশীদার; দ্বীপশিখার যেটুকু অর্জন, তার কৃতিত্ব সকলের।

আমরা স্বপ্ন দেখি আলোকিত কুতুবদিয়া গড়ার, যেখানে উচ্চশিক্ষার আসরে স্বমহিমায় বিচরণ করবে কুতুবদিয়াবাসী। কুতুবদিয়া আমাদের শৈশব-কৈশোরের স্মৃতি, উচ্ছ্বাস ও আবেগের জায়গা। জলবায়ু পরিবর্তনজনিত কারণে আমাদের প্রিয় জন্মস্থানকে বঙ্গোপসাগরের বুকে আর বিলীন হতে দেখতে চাই না; মৃত্যুর পরে শেষ আশ্রয়টুকু যেন আমাদের পূর্বপুরুষদের সাথে হয়—এ কামনা আমরা সবসময় হৃদয়ে পোষণ করি। দ্বীপশিখা সাংগঠনিক কাজের পাশাপাশি ভবিষ্যতে যেসব কাজসমূহ বাস্তবায়ন করতে দৃঢ় সংকল্পবদ্ধ, তা নিম্নে উপস্থাপন করা হলো—

০১. ঢাকাস্থ কুতুবদিয়ার মেধাবী অথচ অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান।

(আমাদের প্রধান লক্ষ্য হবে অন্তত স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের জন্য এক বছরের শিক্ষাবৃত্তি চালু করা। কারণটা একটু বুঝিয়ে বলি—আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি, ১ম বর্ষে একজন শিক্ষার্থী সবচেয়ে অসহায় অবস্থায় থাকে। বিশ্ববিদ্যালয়ের নতুন পরিবেশ, হলে আসন সংকট, আর্থিক অনটন—সবকিছু মিলিয়ে হতাশায় ভোগে নবীনেরা। এতে পড়াশোনার মারাত্মক ক্ষতিসাধিত হয়; অথচ ১ম বর্ষ নির্বিঘ্নে পার হয়ে যেতে পারলে পরবর্তী শিক্ষাবর্ষগুলো দ্বিগুণ উৎসাহে পার হয়ে যেতে পারে। আমরা এতটুকু আর্থিক অবলম্বন কি তাদের দিতে পারি না? আজকের নবীন মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের কুতুবদিয়া গড়ার কারিগর হবে, ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি, কুতুবদিয়ার সংগ্রামী ছেলেরা এক বছরের মধ্যে নিজেদের পথ খুঁজে নিতে পারবে, হোক সেটা টিউশন বা অন্য কোনো পার্ট-টাইম জবের মাধ্যমে।

তবে এখানে আরও একটা কথা বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন; যাঁরা আর্থিকভাবে অসচ্ছল, তাঁদের সবার জন্য একটি সুদবিহীন ও নিরাপদ শিক্ষা ঋণের ব্যবস্থা চালু করার জন্য অনেকেই তাগিদ দিচ্ছেন। বৃত্তি তহবিলে যথেষ্ট পরিমাণ অর্থ থাকা সাপেক্ষে ঢাকাস্থ কুতুবদিয়ার যেকোনো শিক্ষার্থী যথাযথ কারণ প্রদর্শনপূর্বক বিনাসুদে শিক্ষা ঋণ নিতে পারবে। তবে তাকে পেশাগত জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পর সমপরিমাণ অর্থ বৃত্তি তহবিলে অবশ্যই ফেরত দিতে হবে। এতে বৃত্তি তহবিলও সুরক্ষিত থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটা নিরাপদ ব্যবস্থা অক্ষুণ্ণ থেকে যাবে। তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের নজরদারি থাকাটাও খুব জরুরি। যাইহোক, দ্বীপশিখার বৃত্তি তহবিল সংগ্রহের জন্য আমরা ইতিমধ্যেই কাজ শুরু করেছি, অনেকে ইতিবাচক সাড়াও দিয়েছেন। আশা করি আমরা সফল হতে পারব। সর্বোপরি, আমাদের মোট সংগ্রহের উপর নির্ভর করবে শুধু ১ম বর্ষের শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি নাকি বিনাসুদে সবার জন্য শিক্ষা ঋণ অথবা উভয় ব্যবস্থা চালু করতে পারবে দ্বীপশিখা।)

০২. কুতুবদিয়ার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার প্রতি উদ্বুদ্ধকরণ এবং ঢাকামুখী করতে কুতুবদিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনারের আয়োজন অব্যাহত রাখা।

০৩. দ্বীপশিখার সদস্যদের বিভিন্ন বিষয়ে পারদর্শী করতে প্রশিক্ষণমূলক প্রোগ্রাম আয়োজন।

০৪. কুতুবদিয়ার শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা ইত্যাদি আয়োজন করা এবং মাধ্যমিক পর্যায়ে বৃত্তি পরীক্ষা চালু করা।

০৫. কুতুবদিয়ার কৃতিদের “দ্বীপশিখা অ্যাওয়ার্ড” প্রদান করা।

০৬. ঢাকাস্থ কুতুবদিয়ার ব্যক্তিবর্গের মধ্যে আন্তঃযোগাযোগ বৃদ্ধিতে কাজ করা।

০৭. সংগঠনের প্রচার ও প্রসারে বার্ষিক প্রকাশনা ও ক্যালেন্ডার প্রকাশ করা।

০৮. সর্বোপরি, কুতুবদিয়া রক্ষায় ও টেকসই উন্নয়নের জন্য গণমানুষের দাবিসমূহ যথাযথ কর্তৃপক্ষের নিকট উপস্থাপনের জন্য মানববন্ধন, সভা-সেমিনার ইত্যাদি আয়োজন করা।

সবার সহযোগিতা ব্যতীত দ্বীপশিখার সামনে এগিয়ে চলা অব্যাহত রাখা সম্ভব নয়। বরাবরের মতোই দ্বীপশিখার উপর্যুক্ত পরিকল্পনাসমূহ বাস্তবায়নে ঢাকাস্থ কুতুবদিয়ার শিক্ষার্থীবৃন্দ ও কুতুবদিয়ার বিশিষ্ট ব্যক্তিবর্গ সবাই একসাথে কাজ করবে, এ প্রত্যাশা রাখি।

রাজধানী ঢাকার বুকে নতুন এক বাতিঘররূপে দ্বীপশিখার যে আবির্ভাব, তা অক্ষুণ্ণ রাখতে আমাদের প্রত্যেককে কার্যকর ভূমিকা পালন করতে হবে। আমরা যাঁরা কুতুবদিয়াকে হৃদয়ে লালন করি, প্রত্যেকে যদি চাই তাহলেই কুতুবদিয়া রক্ষায় গণমানুষের দাবিসমূহ আদায় করা সম্ভব। আগামী প্রজন্মের কাছে একটি টেকসই, নিরাপদ ও সমৃদ্ধ কুতুবদিয়া উপহার দিতে পারলে দ্বীপশিখার প্রয়াস সাফল্যমণ্ডিত হবে।

এজাম উদ্দিন

শিক্ষার্থী, বি.ফার্ম. প্রফেশনাল ইয়ার-৫, ফার্মেসি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, দ্বীপশিখা (কুতুবদিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা)

 

লেখাটি শেয়ার করুনFacebook
লেখকএডমিনদ্বীপশিখা, কুতুবদিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা

সম্পর্কিত লেখা

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আলোচনা শুরু করুন।