দ্বীপশিখা লোগোদ্বীপশিখা
হোম / প্রবন্ধ / সমসাময়িক বিষয় / মরণনেশা মাদক ও একটি রঙিন স্বপ্ন
এডমিন২২ নভেম্বর ২০২৬৪ বার পড়া হয়েছে
পড়ার মোড

মরণনেশা মাদক ও একটি রঙিন স্বপ্ন

গাড়ি এগিয়ে যাচ্ছে গ্রামের পিচঢালা সরু রাস্তা দিয়ে। রাস্তার দু’ধারের সবুজ ধানক্ষেত, বিকেলের মিষ্টি রোদ, মৃদুমন্দ বাতাস শান্ত-শীতল পরশ বুলিয়ে দিল প্রাণে। দূর করে দিল দীর্ঘ ভ্রমণের ক্লান্তি। প্রায় বিশ বছর পর ফিরছি আমার জন্মস্থানে—যেখানে কাটিয়েছি আমার শৈশবের ষোলোটা বছর। দীর্ঘদিন মার্কিন মুলুকে কাটিয়ে যান্ত্রিকতার আবেশে অতিষ্ঠ হয়ে একদিন ভাবলাম, ঘুরে আসি আমার জন্মস্থান, আমার গ্রাম থেকে।

গ্রামের রাস্তার মোড়ে আসতেই ড্রাইভারকে নামিয়ে দিতে বললাম। যে মোড়ে দাঁড়িয়ে থাকতাম আমরা দুই বন্ধু—আমি আর আবির। কিছুক্ষণ হাঁটলাম। খুঁজে ফিরছি প্রাণের মানুষগুলোকে। চেনা মুখ চোখে পড়ছে না। পশ্চিমাকাশে হেলে পড়ছে সূর্য। হাঁটতে হাঁটতে গ্রামের নদীর ওপর বড় ব্রিজের ওপর দাঁড়ালাম। যেখানে কত রাত আড্ডা দিয়েছি আমি আর আবির। আবিরের ভালো গানের গলা ছিল। স্বপ্ন দেখত একদিন নামকরা গায়ক হবে। ব্রিজের ওপর বসে সে গান গাইত আঁধার-পূর্ণিমা রাতে। কলকল শব্দে বয়ে চলা নদীর বিশাল জলরাশিকে সে কল্পনা করত উল্লসিত গানের শ্রোতা হিসেবে। আমিও শুনতাম মন্ত্রমুগ্ধ হয়ে। ব্রিজে দাঁড়িয়ে ভাবছি সেসব নদীর জলের দিকে তাকিয়ে।

“তপু নাকি?”

পেছনে ফিরে অনেকক্ষণ পর চিনলাম। মোহিত ভাই—আবিরের বড় ভাই। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। বললাম, “চিনলেন কী করে?”

“তুই একটুও পাল্টাসনি। তোর মাঝে যে আমি আবিরের ছবি দেখতে পাই।”

জড়িয়ে ধরলেন আমাকে। একটু ধাক্কা লাগল মনে। বিচলিত না হয়ে বললাম, “আবির কোথায়, কেমন আছে?”

“সে অনেক কথা। চল, ওইখানে বসি।”

চারদিকে তখন অন্ধকার নামা শুরু করেছে। ব্রিজের পাশে ঘাসের ওপর বসলাম।

“সেই যে এসএসসি পরীক্ষা দিয়ে চলে গেলি আর ফিরলি না। যে গ্রাম তুই ছেড়ে গিয়েছিলি, এ আর সেই গ্রাম নেই। এর আনাচে-কানাচে হচ্ছে অসৎ কার্যকলাপ। আমাদের আবির হারিয়ে গেল ওই মাদকের মরণনেশায়। তোরা তো ছিলি হরিহর আত্মা।”

এই বলে থামলেন। চোখে জল। বড় ধাক্কা খেলাম। উত্তেজিত গলায় বললাম, “কী হয়েছে খুলে বলেন তো।”

চোখ মুছে বলতে লাগলেন—

“তুই চলে যাওয়ার পর আবিরকে স্থানীয় কলেজে ভর্তি করাই। বুঝতে পারিনি কলেজের খারাপ বন্ধুদের সাথে মিশে কখন সে মাদকের নেশায় জড়িয়ে পড়েছে।

একদিন মা ডেকে বলল, ‘মোহিত, এই বাক্সে কিছু টাকা ছিল, দেখেছিস?’

‘না, আমি দেখিনি।’

ঘরে আমরা দু’জন মাত্র। একটু সন্দেহ হলো। আবিরের ঘরে গিয়ে তল্লাশি করতেই কয়েকটা ট্যাবলেট পেলাম বইগুলোর পেছনে। ধক করে উঠল বুকটা। অনেক মার মেরেছিলাম সেদিন। আমার কষ্টটা তো বুঝতেছিস।

তার ক্লাসের রেজাল্ট খারাপ হতে লাগল। ওর এক শিক্ষক একদিন ডেকে বলল, আবির ঠিকমতো ক্লাসে আসে না, প্রায়ই অনুপস্থিত থাকে। মাকে কিছুই বলিনি। বুঝলাম সে বিপথে গেছে। সেই শান্ত-শিষ্ট আবির হারিয়ে গেল। চোখের কোণে কালি, উগ্র মেজাজ—তুই সেই আবিরকে চিনবি না।

মার হাতের দুটো বালা একদিন হারিয়ে গেল। এবার আর মাকে না বলে পারলাম না। মা শুনল, কোনো উত্তর দিল না। বাবাকে হারিয়ে মা এমনিই ভেঙে পড়েছিল। এই সংবাদ তাকে আরেক ধাপ এগিয়ে দিল মরণের পথে। আমার চোখের সামনে ভাসছিল কীভাবে একটা সংসার ধ্বংসের পথে এগিয়ে যায়।

হঠাৎ একদিন তার এক বন্ধু এসে খবর দিল, পুলিশ রেইড দিয়েছে ইয়াবার আস্তানায়। আবিরসহ কয়েকজনকে থানায় নিয়ে গেছে। ছুটে গেলাম থানায়। কিছুই করতে পারলাম না। তিন বছরের জেল হয়েছিল আবিরের। মা এ খবর সহ্য করতে পারেনি। এক রাতে হার্ট অ্যাটাকে মারা গেলেন অনেক কষ্ট বুকে নিয়ে।

আবির বেরিয়ে এল তিন বছর পর। তাকে রিহ্যাব সেন্টারে নিয়ে গেলাম। ওরা চিকিৎসার ত্রুটি করেনি। আবির ফিরে এল নতুন মানুষ হয়ে। একটা কাজ জোগাড় করে দিলাম। ভালোই চলছিল সবকিছু।

গ্রামের সবাই জানে আবির ড্রাগ অ্যাডিক্ট। ভালো বন্ধুরা তাকে দূরে সরিয়ে দিয়েছে, খারাপ বন্ধুর দল তাকে হাতছানি দিয়ে ডেকেছে। এই সমাজ তাকে ভালো হতে দেয়নি। একাকিত্ব আবিরকে পাগল করে তুলল। যেতে সে চায়নি, তাকে বাধ্য করেছিল যেতে। আমার ছায়াতলে রেখে তাকে নতুন জীবন দিতে চেয়েছিলাম। কিন্তু তা আর হলো না। ফিরে গেল আবার সে আস্তানায়। মাদকাসক্তদের সাথে মিশে গেল আবার। সেই থেকে সব শেষ!

দরজার ধাক্কায় একদিন ঘুম ভাঙল। দরজা খুলতেই দেখলাম পুলিশ দাঁড়িয়ে। বলল, এক্ষুনি হাসপাতালে যেতে হবে মৃতদেহ শনাক্ত করতে। ক্রসফায়ারে মারা গিয়েছিল সে।”

সারা দেহ হিম হয়ে গেল আমার।

“আমি ওরে বাঁচাতে পারলাম না রে, তপু! বাঁচাতে পারলাম না রে!”—মোহিত ভাই কাঁদছে অঝোর ধারায়। নিঃশব্দে তাকিয়ে রইলাম নদীর জলের দিকে আর্দ্র নয়নে। চারদিকে ঘোর অন্ধকার। আমার কানের কাছে আবিরের সুর করে গাওয়া গানগুলো বাজতে লাগল। ভাবতে লাগলাম, ভালো হতো যদি না আসতাম আমার আনন্দমুখর এই গ্রামে। আমার স্মৃতিতে ভেসে থাকত সে কণ্ঠস্বর, যা আমি রেখে গিয়েছিলাম বিশ বছর আগে।


ইমরান হাকিম উল্লাহ

শিক্ষার্থী (৪র্থ বর্ষ)

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়

 

লেখাটি শেয়ার করুনFacebook
লেখকএডমিনদ্বীপশিখা, কুতুবদিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা

সম্পর্কিত লেখা

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। আলোচনা শুরু করুন।