দ্বীপ কুতুবদিয়া
দ্বীপ কুতুবদিয়া
একেএম শাহারিয়াত শাকিল
পারিবারিক সুবিধাগত কারণে পা রেখেছিলাম হেথায়
জন্মের পঞ্চবার্ষিকীতে
লবণাক্ত মাটি, লবণাক্ত পানি, লবণাক্ত বাতাস গায়ে মেখে
ধীরে ধীরে বেড়ে ওঠা,
পাশাপাশি রেখেছিলাম হৃদয়চক্ষু খোলা।
দেখছি,
চারদিকে হাহাকার, এ এক কঠিন জীবনযাত্রা
লোকের মাথা গোঁজার নেই ঠাঁই।
দেখছি,
অধিকাংশ লোক তিন বেলা পায় না খেতে
দিগ্বিদিক ছুটছে তারা নিজের অস্তিত্ব টেকাতে।
দেখছি,
সেখানে কোনো বিদ্যুৎ নেই, নেই কোনো স্থায়ী বেড়িবাঁধ
তাই রোজ দু’বেলা জোয়ারের পানিতে চারদিক ফুলে ওঠে
কালের স্রোতে স্থল পরিণত হচ্ছে সমুদ্রের তলানিতে।
তবুও থেমে থাকে না অদম্য এই মানুষগুলো
কৃষিতে আছে, শিল্পে আছে, আছে শিক্ষাতে
দিন দিন নীরবে অবদান রেখেই যাচ্ছে দেশের সমৃদ্ধিতে।
বছরের পর বছর সমুদ্রের সাথে লড়াই করে
ধমনি থেকে বিদায় নিয়েছে ভয়,
অদম্য স্পৃহা ও তীব্র ইচ্ছাশক্তি দিয়ে
মানুষগুলো সব করছে জয়।
রজনীতে সমুদ্রের হুংকার, ঢেউয়ের আছড়ে পড়ার গর্জনে
প্রফুল্ল হয় মন,
ঝিরিঝিরি বাতাসে তৈরি হয় সফেদ ফেনা
হিমেল বাতাসে যায় সকল দুঃখ-কষ্ট ভেসে
কিন্তু এত কিছুর পরও আছে এক অজানা ভয়!
কিসের ভয়? কার ভয়?
আছে গুটিকয়েক স্বার্থান্বেষী, প্রতারক, লুটেরাদের দল
বেড়িবাঁধের জন্য সরকার কর্তৃক দেওয়া বরাদ্দে যারা
ঝাঁপিয়ে পড়ে ক্ষুধার্ত হায়েনার মতো;
স্বল্প বাজেটে বালির বাঁধ দিয়ে
বাকি টাকা ভাগ-বাঁটোয়ারা করে বসে,
তাই তো দু’দিন পরপর বালির বাঁধ ভেঙে বায়ুবিদ্যুৎটা যাচ্ছে তলিয়ে।
আগে দরকার স্থায়ী বেড়িবাঁধ, তবে তো চাই বিদ্যুৎ।
সারাদিন পেশাজীবীদের কর্মব্যস্ততা, কোথাও কোথাও ঝাউগাছের সারি
কোথাও কোথাও নির্জনতার সুযোগে
লাল কাঁকড়ারা ঘুরে বেড়ায় নির্ভয়ে;
আছে এক বাতিঘর, যেটা দেখে জাহাজ দেয় পাড়ি।
সাথে দরকার সুষ্ঠু তদারকি ও স্বচ্ছ জবাবদিহিতা
নতুবা মহোদধির এই দ্বীপটি একদিন হারিয়ে যেতে পারে,
সমুদ্রের পানিতে মিশে।

