রূপসী কন্যা কুতুবদিয়া
যেখানে মিশেছে সাগরের সাথে দিগন্ত,
অস্ত যাওয়া সূর্য ডুবেছে অসীম জলে,
তীরে আছড়ে পড়া ঢেউয়ের গর্জন
সাগরকন্যা কুতুবদিয়ার কথাই শুধু বলে।
সেখানেই ভাসে ডিঙি নাও
নোঙর ফেলে বালুচরে,
গাঙচিল ওড়ে ধবল আকাশে
ফেরে সন্ধ্যা নামলেই ঘরে ॥
কবিতার ছন্দের মতো উচ্ছলতা তার, শিল্পীর যেন এক নিপুণ ছবি। প্রকৃতির আঁচল দিয়ে ঢেকে দেওয়া অনুপম কোনো এক মায়াবী চিত্র রূপসী কন্যা কুতুবদিয়া। চারদিকে জলরাশির জলকেলি আর সৈকতের দক্ষিণা মৃদু হাওয়া পরম সোহাগে স্পর্শ বুলিয়ে দেয় আপাদমস্তক। জোয়ার-ভাটার বৈচিত্র্য যেন আমাদের কাব্য শুনিয়ে যায় প্রত্যহ। এ যেন জসীম উদ্দীনের 'নকশী কাঁথার মাঠ', 'রাখালী', 'বালুচর'। প্রকৃতির অপার রহস্যের আধার অনাবিল প্রশান্তির হাতছানি, বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা এ আমার কুতুবদিয়া, আমার জন্মভূমি।
শত শত বছর ধরে মহান বিধাতা প্রাকৃতিক বৈচিত্র্যের অপূর্ব সমাহার দিয়ে যেন আপন হাতে ঢেলে সাজিয়েছেন এই দ্বীপ। বাস্তবিক অর্থে জীবন ধারণের এ এক স্বপ্নপুরী। প্রতিকূলতায় বাঁচিয়ে রাখে জীবনের সারনির্যাস আর সংগ্রামে টিকিয়ে রাখে আগামীর সুপ্ত সম্ভাবনা। নান্দনিকতার অপার আধার এই তো জলাঙ্গী রূপসী কন্যা কুতুবদিয়া আমার। প্রকৃতির এই অজানা মোহ কেন যেন বারবার ডাকে তার সৌন্দর্য উপভোগ করার জন্য। তাই তো ছুটে আসি নগর ছেড়ে তার ছায়াতলে। সূর্যের অগ্নিছায়া পানিতে পতিত হয়ে যেরকমভাবে প্রকৃতির সৌন্দর্য বর্ধন করেছে, ঠিক তেমনি সেই আলোকরশ্মি মনের মধ্যে প্রতিবিম্বিত হয়ে মনকে আনন্দে উদ্বেলিত, উচ্ছ্বসিত করে তোলে।
২১৬ বর্গকিলোমিটারের ছোট্ট দ্বীপ কুতুবদিয়ায় রয়েছে বৈচিত্র্যময় জীবনের কর্মভার, রয়েছে সাগর ও মানুষের নিবিড় সম্পর্ক। পানির সাথে মানুষের মহাকাল ধরে এক সন্ধি বিরাজমান। শহুরে একঘেয়ে চার দেয়ালের জীবনকে সতেজতা দিতে এরকম প্রাকৃতিক নৈসর্গিক দ্বীপভূমি ভ্রমণের জন্য আদর্শ জায়গা। পর্যটকদের অভূতপূর্ব ভ্রমণপিয়াস ও অভিজ্ঞতা সৃষ্টিতে এই দ্বীপ নিশ্চিত যথার্থ ভূমিকা রাখবে। কুতুবদিয়ায় যেসব স্থান পর্যটকদের দৃষ্টি ও হৃদয়কে অভিভূত করবে তার মধ্যে কুতুবদিয়া চ্যানেল, হযরত মালেক শাহ (র.)-এর দরবার, বাতিঘর, দীর্ঘ সমুদ্রসৈকত, বায়ুবিদ্যুৎ কেন্দ্র, লবণ চাষ, কালারমার মসজিদ ইত্যাদি উল্লেখযোগ্য।
কুতুবদিয়া চ্যানেল:
পানির কত অভিমান! কত অনুযোগ তার! সেও রাগ করে। খরস্রোত নিয়ে পৃথক করে রেখেছে সে কুতুবদিয়াকে মূল ভূখণ্ড থেকে। হয়তো এই দ্বীপকে আরও মোহনীয় করে তুলতে, সৌন্দর্যের মাদকতা মিশিয়ে দিতে। মগনামা ঘাট থেকে নৌকায় উঠে যখন কিছুদূর আসি, তখনই চোখে পড়ে জল আর ডাঙার এক অদ্ভুত সংগ্রাম। উত্তর-দক্ষিণে প্রবাহিত জোয়ার-ভাটার টান যেন আবদুল আলীমের গাওয়া সেই বিখ্যাত গানটির কথা মনে করিয়ে দেয়—
"মাঝি বাইয়া যাও রে...
অকূল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে
মাঝি বাইয়া যাও রে..."
ঢেউয়ের আগায় ভর করে চলে নৌকা, দৃষ্টি খুঁজে বেড়ায় পানির রহস্য। দুই তীর এক হওয়ার যে বাসনা, তা সত্যিই দৃষ্টিকে মধুর অম্লতা দান করে। ছোট ছোট ডিঙি নৌকায় ভর করে জেলেরা মাছ ধরতে ছুটে আসে পানির গর্ভে। এ যেন এক অপূর্ব দৃশ্য চোখের সামনে ভাসমান। শুনেছি বহুকাল আগে এটি ছোট্ট নদীর মতো ছিল। ভাঙতে ভাঙতে কূল বৃহদাকার ধারণ করেছে। জল আর ডাঙার ভাঙা-গড়ার এই রহস্য এখনো দৃষ্টি খুঁজে বেড়ায় অন্তরালে।
হযরত মালেক শাহ (র.)-এর দরবার:
এই দ্বীপেই শায়িত আছেন পুণ্যাত্মা হযরত শাহ আবদুল মালেক (র.), যিনি এই দ্বীপের প্রাণপুরুষ এবং যাঁর আধ্যাত্মিক সাধনা সর্বজনবিদিত। বারো আউলিয়ার পুণ্যভূমি চট্টগ্রাম থেকে ২৫ মাইল দক্ষিণে ছোট্ট দ্বীপ কুতুবদিয়ায় ১৯১১ সালে জন্ম এই মহান পুরুষের। আধ্যাত্মিকতার জ্ঞানগর্ভ ও কারামত প্রদর্শন করে জনমানবের হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন তিনি। এখানে সাধারণ মানুষের মুখে মুখে তাঁর অলৌকিক কাহিনি শুনতে পাওয়া যায়। প্রতিবছর তাঁর মৃত্যুদিবসে অসংখ্য অগণিত ভক্ত আসেন। পবিত্র মাজার জিয়ারত করে তাঁদের হৃদয় প্রশান্ত করেন। ফেব্রুয়ারি মাস আসলেই কুতুবদিয়ায় যেন এক আনন্দের রোল পড়ে। পরিদর্শনে আসে নানান বয়সী মানুষ; মাজার ও তৎসংলগ্ন নান্দনিক নতুন ও পুরনো স্থাপনা দেখে তারা দারুণ অভিব্যক্তি প্রকাশ করেন। প্রাচীন কিংবদন্তির সূত্র ধরে জানা যায় যে, শাহ আবদুল মালেক আল কুতুবী (র.)-এর পূর্বপুরুষদের নামানুসারেই কুতুবদিয়ার নামকরণ হয়। এছাড়াও এখানে দেখা মিলবে কুতুব আউলিয়াসহ বিভিন্ন পুণ্যাত্মাদের সমাধি।
বাতিঘর:
উনিশ শতকের মধ্যভাগে নির্মিত কুতুবদিয়া বাতিঘর দ্বীপের ইতিহাস ও ঐতিহ্যকে এক প্রান্তে এনে দাঁড় করিয়ে দেয়। সমুদ্রপথে দিক হারিয়ে ফেলা জাহাজ ও নাবিকদের পথ দেখাতে এই বাতিঘরের অনবদ্য ভূমিকা একবিংশ শতাব্দীতে এসেও এতটুকু ম্লান হয়নি। কুতুবদিয়ার ইতিহাস ও ঐতিহ্য বহন করা বাতিঘর বিশ্বদরবারে দ্বীপের পরিচিতি স্বগৌরবে তুলে ধরে। বর্তমানে উন্নত বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলো (চীন, জাপান) এই অপার সম্ভাবনাময় কুতুবদিয়াকে নিয়ে আগ্রহ প্রকাশ করছে। শুধু তাই নয়, ১৮৪৬ সালে নির্মিত এই বাতিঘর নিয়ে দেশ-বিদেশের অনেক পর্যটক ও গবেষকদের আগ্রহের কমতি নেই। সাগরপাড়ের সবুজ ঝাউবনের মধ্যে দাঁড়িয়ে থাকা বাতিঘর দর্শনার্থীদের চোখে লেগে থাকার মতো। বিকেলবেলায় এর আশেপাশে নেমে আসে প্রশান্ত এক নীরবতা। বৈকালের হলুদ রোদ যখন বাতিঘরে পড়ে, তখন চারপাশটা আরও মোহনীয় প্রকৃতির রঙে সাজে। রাতের ঝিঁঝি পোকার শব্দ আর ধবল জ্যোৎস্না মিলে মনে হয় এ যেন মহাকাব্য সৃষ্টির শ্রেষ্ঠ পটভূমি আর ব্যাকরণে মিলে যাওয়া কবি-সাহিত্যিকদের সরস নির্যাস। বাতিঘরের আলোকচ্ছটা দূরের নাবিকদের পরম হাতছানি দিয়ে ডাকে তীরের দিকে। বাতিঘরের অকৃত্রিম পরিবেশে দাঁড়ালে জীবনানন্দ দাশের বিখ্যাত সেই 'বনলতা সেন' কবিতা দর্শনার্থীদের সহজেই মনে করিয়ে দেবে—
"আমি ক্লান্ত প্রাণ এক,
চারিদিকে জীবনের সমুদ্র সফেন,
আমারে দু-দণ্ড শান্তি দিয়েছিল
নাটোরের বনলতা সেন।"
সমুদ্রসৈকত:
কুতুবদিয়ার সমুদ্রসৈকতের নৈসর্গিক রূপে মুগ্ধ হয়েছিলেন পল্লীকবি জসীম উদ্দীন। তাঁর রচিত ও বেদার উদ্দীনের গাওয়া "দেইখ্যা আইলাম সোনার কন্যা- কুতুবদিয়ার চরে" গানটি এই সমুদ্রসৈকতে বসেই রচিত ও গীত হয়েছিল। সকালের সোনালি রোদ যখন বিস্তীর্ণ বালুচরে পড়ে, তখনই বিমোহিত করে নির্জন ও শান্ত কোমল সাগরপাড়। তীরে আছড়ে পড়া ঢেউ মিলিয়ে যায় বালুচরে। মনে হয় যেন পরম আদরে পরশ বুলিয়ে যাচ্ছে। একটু হেঁটে ভেজা তটে পা বাড়ালেই ঠান্ডা অনুভূত হয়। মুহূর্তেই সারা শরীরে সজীবতা ফিরে আসে। দুপুর গড়াতেই ২২ কিলোমিটার দীর্ঘ সমুদ্রসৈকত লালগালিচার রূপ ধারণ করে। দূর থেকেই তাই মনে হবে। কাছে আসলেই বোঝা যাবে এ লালগালিচা নয়, লাল কাঁকড়ার চরণভূমি; শত চেষ্টা করলেও এগুলো ধরা যায় না। শুধু তাকিয়ে দেখতে হয় তাদের বিচিত্র জীবনপ্রণালি। দুপুরের কড়া রোদ গায়ে লাগতেই মনে হবে একটু ভিজিয়ে নিই শরীর সাগরের জলে। বিকেলে সমুদ্রসৈকত যেন আরও নতুন রূপে সাজে। যতদূর চোখ যায় সমুদ্রসৈকত কানায় কানায় ভরে ওঠে নানান বয়সী মানুষে। পশ্চিমা আকাশে রক্তিম আভায় সূর্য তার দিনের পরিসমাপ্তি টানার অপেক্ষা করে। জেলেদের কর্মব্যস্ততা কমে আসে। তারপর গোধূলি নামে পৃথিবীর সমস্ত সৌন্দর্য এক করে। দিনের যবনিকা টেনে সূর্য দিগন্তের ওই পশ্চিম জলরাশিতে ডুব দিয়ে আড়াল হয়ে যায়। সৈকতে দাঁড়িয়ে সূর্যাস্তের এই দৃশ্য অপূর্ব ও অকৃত্রিম লাগে। ধীরে ধীরে কাব্যিক ছন্দ নিয়ে সন্ধ্যা নেমে আসে। আকাশের স্থির প্রকাণ্ড মেঘগুলো আরও একবার স্পষ্ট হয়।
বায়ুবিদ্যুৎ কেন্দ্র:
বাংলাদেশের সবচেয়ে বড় বায়ুবিদ্যুৎ কেন্দ্র কুতুবদিয়ায় অবস্থিত। প্রায় এক হাজার কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন এই নান্দনিক বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হয়েছে সৈকতের দক্ষিণ প্রান্তে, আলী আকবর ডেইল এলাকায়। বাতাসের শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় এখানে। ঘূর্ণায়মান টার্বাইনগুলো দেখতে যতই না ভালো লাগবে, তার চেয়ে বেশি ভালো লাগবে এখানে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখতে। বেড়িবাঁধের উপরে হেঁটে দক্ষিণ দিকে অগ্রসর হলে বায়ুবিদ্যুৎ কেন্দ্রের সৌন্দর্য বহুগুণে চোখে ধরা দেবে। বর্তমানে আরও একটি প্রকল্প চালু হয়েছে শান্তিবাজার থেকে তাবলেরচর রোডে। এই রোড আর নতুন প্রকল্পটি দর্শনার্থীদের দারুণভাবে মোহিত করবে নিঃসন্দেহে।
লবণ চাষ:
বায়ুবিদ্যুৎ কেন্দ্রের পাশে বেড়িবাঁধে দাঁড়িয়ে পূর্বদিকে দৃষ্টি নিক্ষেপ করলেই চোখে পড়বে লবণের সাদা আস্তরণ। শুষ্ক মৌসুমে কুতুবদিয়ার বেশ কিছু জায়গাজুড়ে লবণ উৎপাদন করেন চাষিরা। তাবলের চর, কৈয়ারবিল, লেমশীখালী ও ধূরুং এলাকা এক্ষেত্রে উল্লেখযোগ্য। কী নিপুণভাবে চাষিরা নানান কৌশলে লবণ উৎপাদন করেন! প্রথমে সমুদ্রের লোনা জল একটি ছোট খালে আবদ্ধ করে ওখান থেকে পানির পাম্প দিয়ে জমিতে নিয়ে আসা হয়। ওখানে ২-৩ দিন সূর্যের তাপ খাইয়ে পানিটাকে কড়া করে আরেকবার লবণ উৎপাদনের প্লটে নিয়ে আসা হয়। ২-৩ দিন পর দেখা যায় সূর্যের প্রখর রোদে পলিথিনের উপর সাদা লবণের আস্তরণ, যা দর্শনার্থীদের দৃষ্টি কেড়ে নেয়। বাংলাদেশের 'হোয়াইট গোল্ড' যদি চিংড়ি হয়, সেক্ষেত্রে কুতুবদিয়া দ্বীপের 'হোয়াইট গোল্ড' নিঃসন্দেহে লবণ। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে উৎপাদিত লবণ তৈরির পদ্ধতি দেশি-বিদেশি গবেষক ও পর্যটকদের অন্যতম এক গবেষণার ক্ষেত্র হিসেবে আলোড়ন সৃষ্টি করেছে।
ঐতিহাসিক কালারমার মসজিদ:
কুতুবদিয়ায় স্থাপিত হয়েছে ঐতিহাসিক কালারমার মসজিদ। উপজেলার ১নং উত্তর ধূরুং ইউনিয়নের কালের সাক্ষী বহনকারী এই মসজিদ আজ থেকে ৩৫০ বছরেরও পুরনো। শুধু কুতুবদিয়ার জন্য নয়, বরং সারা বাংলাদেশে এই মসজিদের সুপরিচিতি রয়েছে। নানান গুণগান ও ইতিহাসে ভরপুর এই মসজিদ। কথিত আছে, আজ থেকে ৩৫০ বছর আগে যখন কুতুবদিয়া উপজেলায় অতি কম সংখ্যক জনসংখ্যার বাস ছিল, তখন অত্র ইউনিয়নে বাস করতেন এক মহিলা। মহিলা ও তাঁর স্বামীর নাম জানা যায়নি। তবে কালা নামে তাঁদের একজন পুত্র ছিল। সেই মহিলা তাঁর স্বামীর কাছে আবদার করেন মরণের পর একটি স্মৃতি রেখে যাওয়ার জন্য। তখন তাঁর স্বামী ছোট কুটির অর্থাৎ গোলপাতার ছাউনি দ্বারা একটি মসজিদ ঘর তৈরি করে দেন। পরে তাঁর পুত্রের নাম অনুসারে এটাকে কালারমার মসজিদ হিসেবে নামকরণ করা হয়। পরবর্তীতে অনেকেই এই মসজিদের সংস্কার করেন। সম্পূর্ণ পাকা একতলাবিশিষ্ট এই মসজিদের কারুকাজ অতি মনোমুগ্ধকর। এখানে পশ্চিমের দেওয়ালে সূরা ইয়াসিনের সুন্দর কারুকাজ দর্শনার্থীর দৃষ্টিগোচর হবে। মসজিদের সামনে রয়েছে বড় পুকুর। এককথায় ইতিহাস ও ঐতিহ্যে এ মসজিদের গুরুত্ব অত্যধিক।
অবশেষে পল্লীকবি জসীম উদ্দীনের 'নিমন্ত্রণ' কবিতার চরণগুলো প্রতিধ্বনিত হয়—
"তুমি যাবে ভাই, যাবে মোর সাথে
আমাদের ছোট গাঁয়।"
ফারুক মাহমুদ
শিক্ষার্থী (৩য় বর্ষ)
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়

