ছোট্ট একটি দ্বীপ
ছোট্ট একটি দ্বীপ
চারদিকে যার পানি,
ঢেউয়ে ঢেউয়ে ভাঙছে যে কূল
বিষম আঘাত হানি।
তীরে আমার বেঁধেছি গো
ছোট্ট কুঁড়েঘর,
তুফান-ঝড়ে সেই ঘরখানি
কাঁপে থরথর।
ঘূর্ণিঝড়ে যায় উড়ে
বাঁশের ওই চালা,
ভয়ংকর রূপ ধারণ করে
বজ্র-মেঘমালা।
আশায় আশায় নয়ন ভাসাই
ভাঙা বসতবাড়ি,
বাপ-দাদার এই পিতৃভূমি
কেমনে বলো ছাড়ি।
রাতের আঁধারে খোলা আকাশ
কষ্টে রাত্রিযাপন,
অনাহারে, অর্ধাহারে
ভাঙা-গড়ার জীবন।
সাগরতলে হারিয়ে যাচ্ছে
মা-বাবা, ভাই-বোন,
ওরে পানি হইস না নিঠুর
এবার তবে শোন।
ভালোবেসে তোরে আমি
তোর কূলেতেই থাকি,
তোরে কত আপন ভেবে
বুকে আগলে রাখি।
বন্ধু ভেবে ভাঙিস না কূল
করে অভিমান,
দুঃখ থাকলে ভুলে গিয়ে
বাঁচা মোদের প্রাণ।
আল্লাহ তুমি সহায় থেকো
আমাদের ওপর,
বাঁচাও তুমি কুতুবদিয়ার
বসতবাড়ি-ঘর।
- ফারুক মাহমুদ

