বিতার্কিকের কবিতা
আমি যে বিতর্ক করি—
আমি যে জ্বলে উঠি দ্বিমুখী শক্তির দ্বন্দ্বে
নতুন সৃষ্টির অঙ্গীকারে।
জ্বলে উঠি বারবার অস্তিত্ব রক্ষার
প্রয়োজনে,
জ্বলে উঠি বারবার যুক্তিবলে উদ্বুদ্ধকরণে।
সেজন্য বিতর্ক করি,
যেজন্য শ্রেষ্ঠত্বের দাবি করে যাই মানুষ হয়ে
নতুন সৃষ্টির প্রদীপ প্রজ্বালনে।
অসংগতি বেড়ে যায় সংগতির চেয়ে
তখন, একজন বিতার্কিক জেগে ওঠে
এই বক্ষ-মাঝে
গভীর প্রত্যয়ে।
তাই তো বিতর্ক করি,
সাম্প্রদায়িকতা কিংবা মৌলবাদ প্রতিরোধে।
মানবিক আদর্শের সঙ্গিন উঁচিয়ে
স্বাধীনতা একাত্তর বাঙালিকে গিয়েছে শিখিয়ে।
আমি বিতর্ক করি,
বিশ্বাসের ভিত গড়ে তুলি
অসংখ্য যুক্তির সম্মেলনে।
একজন বিতার্কিক সজাগ মানুষ,
তারও আছে মান কিংবা অভিমান,
তারও আছে বিরহ-বেদনা, কষ্ট অপেক্ষার;
তারও আছে কত শক্তি
ভালোবাসা বিলিয়ে দেবার।
সে আমি বিতর্ক করি
নতুন সৃষ্টির অঙ্গীকারে,
যুক্তিযুদ্ধে সব্যসাচী চেতনার অনির্বাণ
অন্তরের সীমান্ত বিস্তারে—
কারণ আমি যে বিতার্কিক,
আর এ যে বিতার্কিকের কবিতা ॥
- ফোরকান কুতুবী

