পড়ার মোড
মনোহরী দ্বীপ
সাগরের বুকে জেগে ওঠা সেই চরে
কোনো এক দুঃখিনী মায়ের ঘরে,
হয়তো কোনো কাকডাকা ভোরে
এসেছিলাম এ ধরায়।
ধীরে ধীরে সেই চরের বুকে
বড় হতে থাকি সাগর দেখে,
কল্পনায় তারে ফিরেছি এঁকে
হাজার রঙের ছোঁয়ায়।
সেই চরেতে দেখেছি কত
শ্বেতকায় ঝিনুক মুক্তার মতো,
লাল কাঁকড়াও দেখা যেত
যেত না হাতে ধরা।
সেই চরে বহু মানুষ থাকে
সবার খবর সবাই রাখে,
ছোটে সবাই পরের দুঃখে
মায়ায় সেই চর ঘেরা।
কত গুণীজন জন্মিল হেথা
কত গুরুজন গেল সেথা,
জন্মিল কত মহান নেতা
কত পীর আউলিয়া।
নদীর ডাক সেথা কলকল
দেখতে যদি যাবে বলো,
তবে আমার সঙ্গে চলো
আমার কুতুবদিয়া।
- মোজাহেদুল হাসান
এডমিন

