অস্তিত্ব সংকটে কুতুবদিয়া: রক্ষার একমাত্র উপায় টেকসই বেড়িবাঁধ
আনুমানিক ছয়শো বছরের পুরনো বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ কুতুবদিয়া। হজরত কুতুব উদ্দিন আউলিয়া (রহ.)-এর নামে দ্বীপ কুতুবদিয়ার নামকরণ হয়েছে বলে কথিত রয়েছে। বাতিঘরের জন্য বিখ্যাত কুতুবদিয়া দ্বীপের পূর্বদিকে আঁকাবাঁকা নদী; উত্তরে একমাত্র খরস্রোতা নদী কর্ণফুলী; পশ্চিমে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সমুদ্রসৈকত, শামুক, ঝিনুক এবং ঝাঁকে ঝাঁকে লাল কাঁকড়া আর দক্ষিণে সীমানাহীন লবণের মাঠ। এখানে উত্তর-পশ্চিম, পূর্ব-দক্ষিণ যেদিকেই তাকাই মাঝি-মাল্লার দেখা মেলে।
কয়েক বছর আগের কথা, গ্রামবাংলার চিরচেনা সব ঐতিহ্য বিরাজমান ছিল কুতুবদিয়ায়। কুতুবদিয়াবাসীর ছিল গোলাভরা ধান, পুকুরভরা মাছ, গোয়ালভরা গরু, মহিষ, ছাগল, মাঠে-ঘাটে সোনালি ফসল, নদী-খালে সোনালি-রুপালি নানা প্রজাতির মাছ। কিন্তু এসব আজ হারিয়ে যাচ্ছে আগ্রাসী সমুদ্রের কবলে। শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যে কোনো অংশেই পিছিয়ে নেই এই এলাকা। শিক্ষার হার বিবেচনায় কক্সবাজার জেলায় শীর্ষে অবস্থান। এই ছোট্ট জনপদের লোকজন মানবসম্পদে পরিণত হয়েছে। বাংলাদেশ সরকারের সচিবালয় থেকে শুরু করে নানা পদে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এই এলাকার কৃতী সন্তানেরা। এই অঞ্চলের লোকজন পেশায় সামুদ্রিক মাছ আহরণ ও লবণ চাষাবাদে জড়িত। কিন্তু প্রাকৃতিক প্রতিকূলতা ও মানবসৃষ্ট ধূম্রজালে টালমাটাল হয়ে পড়েছে এই এলাকার জনজীবন; দ্বীপবাসী হারিয়ে ফেলেছে জীবনযাত্রার স্বাভাবিক ছন্দ। মাথা উঁচু করে দাঁড়ানোর আগেই প্রকৃতি তাদের জীবনযাত্রার অগ্রগতিকে থামিয়ে দেয়। হাজারো স্বপ্ন নিয়ে প্রতিকূলতার মাঝে সমুদ্র উপকণ্ঠে বসবাস করে আসছে লাখো মানুষ। শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য নিয়ে অগ্রসর হতে চাইলেও বাধার সম্মুখীন হতে হচ্ছে প্রতিনিয়ত। বর্ষা এলেই আতঙ্ক বিরাজ করে দ্বীপবাসীর মাঝে। প্রাকৃতিক দুর্যোগ, নদীভাঙন ও জলোচ্ছ্বাস লণ্ডভণ্ড করে দেয় তাদের স্বাভাবিক জীবনযাত্রা।
বাংলাদেশ বিশ্বব্যাপী জলবায়ু বিপদাপন্ন দেশ হিসেবে স্বীকৃত, যা জলবায়ু পরিবর্তনের কারণে প্রকট হচ্ছে। বিশেষ করে ভৌগোলিক অবস্থানের কারণে দেশটিকে প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয় বেশি। ওইসব দুর্যোগের কারণে সহায়-সম্পত্তি, বসতবাড়ি, জমিজমা হারিয়ে নিঃস্ব হতে হচ্ছে সহস্র মানুষকে। জলবায়ুবিদগণ ভবিষ্যদ্বাণী করে বলেন—একবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে দেশের দক্ষিণাঞ্চল পানির নিচে তলিয়ে যাবে। জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের ভূমিকা নগণ্য হলেও বৈশ্বিক উষ্ণতায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের ফলে এ দেশের দক্ষিণাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে; তার মাঝে কুতুবদিয়া অন্যতম।
আয়তনে ছোট হলেও প্রাকৃতিক সম্পদ ও পর্যটনশিল্পের এক সম্ভাবনাময় ভূখণ্ড কুতুবদিয়া। অপার সম্ভাবনাময় সাগরকন্যা দ্বীপ কুতুবদিয়া উন্নয়নের জন্য সরকারকে হাতছানি দিয়ে ডাকছে। সরকারের সুনজরে হয়ে উঠতে পারে বাংলাদেশের অন্যতম বিনোদনবান্ধব শ্রেষ্ঠ স্থান। প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে কুতুবদিয়া কোনো অংশেই সেন্টমার্টিনের চেয়ে কম সুন্দর নয়। বিখ্যাত পর্যটন কেন্দ্র হনলুলু, ওয়াইকিকি, সিসিলি—এরকম বিচ্ছিন্ন সাগরবেষ্টিত পর্যটন কেন্দ্র আজ পৃথিবীখ্যাত। কিন্তু আশ্চর্যের বিষয়, কুতুবদিয়ার মতো একটি দারুণ সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র থাকার পরেও এর উন্নয়নে কোনো পদক্ষেপ এ পর্যন্ত নেওয়া হয়নি।
এই দ্বীপ প্রাকৃতিক সম্পদে ভরপুর। দেশের চাহিদার এক-দশমাংশের বেশি, ৪,০০০ একর জমিতে লবণ উৎপাদন হয় এখানে। কুতুবদিয়া দ্বীপের সন্নিহিত এলাকায় উল্লেখযোগ্য পরিমাণে সুস্বাদু মাছ আহরিত হয়। বঙ্গোপসাগর থেকে আহরিত মাছের ২৫-৩০ শতাংশ শুঁটকি প্রক্রিয়াজাত করা হয় এখানে। এই দ্বীপের অদূরেই রয়েছে সাঙ্গু গ্যাসক্ষেত্র, যেখানে প্রায় এক হাজার ট্রিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস মজুত রয়েছে বলে ধারণা করা হয়। কুতুবদিয়ার বিখ্যাত বাতিঘর থেকে প্রতিবছর সরকার প্রায় ২ কোটি টাকা রাজস্ব আয় করে। এই দ্বীপে এক ফসলাধীন জমি ৩০০২ একর, দো-ফসলাধীন জমি ৩২১০ একর এবং তিন ফসল হয় ৯২৬ একর জমিতে। এসব বিবেচনা করলে দেশের অর্থনীতিতে কুতুবদিয়ার অবদান অবহেলা করার মতো নয়। বাস্তবায়নাধীন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ মহেশখালীর সোনাদিয়া গভীর সমুদ্রবন্দরের মোহনায় অবস্থিত কুতুবদিয়া। উপকূলীয় উপজেলা বাঁশখালী, পেকুয়া ও মহেশখালীকে বঙ্গোপসাগরের সরাসরি বিক্ষুব্ধতা থেকে এ দ্বীপই রক্ষা করছে। দ্বীপের দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে আধ্যাত্মিক জগতের মানুষ হযরত শাহ্ আবদুল মালেক আল-কুতুবী (রহ.)-এর কুতুব শরীফ দরবার, কুতুব আউলিয়া (রহ.) মাজার, প্রাচীন স্থাপত্য কালারমার মসজিদ, বিসিকের লবণ উৎপাদন প্রদর্শনী খামার, শুঁটকি প্রক্রিয়াজাত কেন্দ্র, বায়ুবিদ্যুৎ, ঐতিহাসিক বাতিঘর ও সূর্যাস্তের খেলা। এছাড়া দীর্ঘ ২৫ কিলোমিটার বালিয়াড়িযুক্ত সমুদ্রসৈকত যেন এক নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি। সমুদ্রসৈকতজুড়ে রয়েছে ছায়াঘেরা আকর্ষণীয় ঝাউবীথি। প্রকৃতির অপরূপ সাজসজ্জার দ্বীপ কুতুবদিয়াই হতে পারে সম্ভাবনাময় আকর্ষণীয় পর্যটন কেন্দ্র।
ঐতিহাসিকদের মতে, ১৪শ শতাব্দীতে সৃষ্ট ১২০ বর্গকিলোমিটার বিশিষ্ট দ্বীপটিতে ছিল না বেড়িবাঁধ। বিশাল চরে প্রাকৃতিকভাবে সৃষ্ট গহিন প্যারাবন ও বালির ডেইলের ডাঙ্গালতা (বুড়িরলতা) সাগরের ঢেউ থেকে রক্ষা করত এ দ্বীপকে। সচেতনতার অভাবে সেই প্যারাবন ও লতাগুল্ম উজাড় হয়ে যাওয়ায় সমুদ্রের তোপের মুখে পড়ে এ দ্বীপ। ১৯৬০ সাল থেকে সর্বশেষ ১৯৯৭ সাল পর্যন্ত ছোট-বড় অন্তত ১০টি প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের আঘাতসহ প্রতিনিয়ত ভাঙতে থাকায় বর্তমানে দ্বীপটি ২৭ বর্গকিলোমিটারে ঠেকেছে। জলবায়ুর প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে মান্ধাতার আমলের ডিজাইনে নামমাত্র বেড়িবাঁধে এ ভয়াবহ ভাঙন ঠেকানো যাচ্ছে না। তাছাড়া আবহমান কাল থেকে দ্বীপের উত্তর, দক্ষিণ ও পশ্চিমে ভাঙন দেখা গেলেও পূর্ব পাশে তেমন ভাঙন ছিল না; বরং জেগে উঠত চর। বিশাল চরের বনায়ন উজাড় করে মৌসুমি লবণমাঠ ও শুঁটকি কিলা গড়ে তোলাসহ উত্তর পয়েন্ট থেকে সিলিকা বালি পাচার অব্যাহত থাকায় বর্তমানে চারদিকে সমানতালে ভাঙছে দ্বীপটি। তাই দেশের মানচিত্রে স্থান ধরে রাখতে হলে সিভিল প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীর তদারকির মাধ্যমে অত্যাধুনিক প্রযুক্তির টেকসই স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ ও অতি ঝুঁকিপূর্ণ পয়েন্টে রাবার ড্যাম স্থাপনসহ ভেতরে-বাইরে দু'স্তরবিশিষ্ট সবুজবেষ্টনী গড়ে তোলা হলে দেশের সম্ভাবনাময় এ দ্বীপটি রক্ষা করা সম্ভব বলে মনে করেন দেশের নামকরা বিজ্ঞানীরা।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, একসময়ে ৫৮ বর্গমাইল ছিল কুতুবদিয়ার আয়তন। এখন এর আয়তন মাত্র ২০ বর্গমাইল। সূত্রমতে, ১৮৮০ থেকে ১৯০০ সাল পর্যন্ত কুতুবদিয়া দ্বীপের আয়তন ছিল ৫৭-৫৮ বর্গমাইল, ১৯০১ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত আয়তন ছিল ৩৪-৩৫ বর্গমাইল, ১৯৪৮ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত আয়তন ছিল ২৬-২৭ বর্গমাইল, ১৯৬০ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত আয়তন ছিল ২২-২৩ বর্গমাইল, ১৯৭৮ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত আয়তন ছিল ২০ বর্গমাইল এবং ১৯৮৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত এ দ্বীপের আয়তন ২০ বর্গমাইলের চেয়েও কম ছিল। সংকোচনের এই হার অব্যাহত থাকলে ২০৫০ সালে দ্বীপের অবস্থা কী হবে তা নিয়ে শঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ আছে।
আশির দশক থেকে ১৯৯১ সালের মধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) পর্যায়ক্রমে ডিজেলচালিত ৩টি জেনারেটর—ক্যাটারপিলার, ড্যানিস ও কামিন্সসহ সর্বশেষ ২০০৭ সালে বেসরকারি কোম্পানি 'প্যান এশিয়া পাওয়ার সার্ভিসেস লিমিটেড' প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে ১ হাজার কিলোওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন উইন্ড ব্যাটারি বায়ুবিদ্যুৎ (দেশের সর্ববৃহৎ বায়ুবিদ্যুৎ পাইলট প্রকল্প) স্থাপন করেও প্রয়োজনীয় বিদ্যুতের আলো দেখেনি দ্বীপবাসী। একমাত্র বিদ্যুৎ সমস্যার কারণে উন্নয়নে পিছিয়ে পড়েছে কুতুবদিয়া। বিশেষত এখানে গড়ে উঠছে না বরফকল, লবণ ক্রাশিং মিল, মৎস্য প্রক্রিয়াজাত কেন্দ্র ও অন্যান্য শিল্পকারখানা। ১৩৩ কোটি টাকা ব্যয়ে দীর্ঘ ২২ কিলোমিটার সমুদ্রের তলদেশ দিয়ে সন্দ্বীপে সাবমেরিন কেবলের সাহায্যে জাতীয় গ্রিড লাইনে বিদ্যুতায়ন করেছে সরকার। এর এক-দশমাংশ টাকায় বাঁশখালীর ছনুয়া থেকে মাত্র আড়াই কিলোমিটার চ্যানেল দিয়ে একইভাবে কুতুবদিয়ায়ও বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব বলে বিশেষজ্ঞমহল মনে করেন (যদিও কুতুবদিয়াকে জাতীয় গ্রিডে সংযুক্তির চিন্তাভাবনা চলছে)।
এতদিনেও বেড়িবাঁধ না হওয়ার কারণের মধ্যে অন্যতম হলো প্রতি অর্থবছরে সরকারের পক্ষ থেকে যে বরাদ্দ দেওয়া হয় তার সুষ্ঠু ব্যবহার হয় না। বেড়িবাঁধসহ অন্যান্য উন্নয়নমূলক কাজে ঠিকাদারদের প্রভাবিত করে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিগণ তাদের কাজে ভাগ-বাঁটোয়ারা বসিয়ে হাত করে নেয়। অনেক রাজনৈতিক নেতার প্রতিহিংসার কারণে কুতুবদিয়া আজ বিদ্যুৎহীন অন্ধকারে ডুবে আছে তা কারও অজানা নয়। স্থানীয় লোকজনের অভিযোগ, নেতারা গাড়ি-বাড়ি করে শহর-নগরে পাড়ি জমিয়েছে; আমরা কীভাবে দিন কাটাচ্ছি তা তাঁদের নিকট স্পষ্ট নয়। দুঃখী মেহনতি মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে তাঁদের কোনো প্রচেষ্টা লক্ষ করা যায় না; নির্বাচন ঘনিয়ে এলে হাত-পা ধরে ভোট ভিক্ষা করতে আসে, পরে আর কোনো খোঁজ থাকে না।
পরিশেষে, অত্যাধুনিক প্রযুক্তির বেড়িবাঁধ, বাঁধের ভেতরে ও বাইরে বৈজ্ঞানিক পদ্ধতিতে বনায়ন প্রকল্প গ্রহণ ও বাগান সৃজন, জাতীয় গ্রিডের সাথে সংযোগের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ, পর্যাপ্ত পরিমাণে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং কুতুবদিয়াকে পর্যটন এলাকা ঘোষণা করার মাধ্যমে কুতুবদিয়াকে রক্ষা করা যাবে। উল্লেখ্য, জাতীয় বেড়িবাঁধের স্থায়ী সংস্কার না হলে হয়তো অচিরেই সাগরে বিলীন হয়ে যাবে কুতুবদিয়া দ্বীপ। আর এই দ্বীপ বিলীন হয়ে গেলে বাংলাদেশের মূল ভূখণ্ডে অবস্থিত চকরিয়া, বাঁশখালী ও পেকুয়াসহ আরও অনেক উপকূলবর্তী এলাকাও একসময় সাগরে হারিয়ে যাবে। এই বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করতে সরকারের প্রতি অনুরোধ রইল।
- মেহেদী হাসান সোহেল
শিক্ষার্থী (মাস্টার্স), ক্রিমিনোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রতিষ্ঠাতা সভাপতি, দ্বীপশিখা (কুতুবদিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা)

