তোমরা যারা উচ্চশিক্ষার স্বপ্ন দেখো
"নিজের মাঝে শক্তি ধরো, নিজেকে করো জয়"
—স্লোগান নিয়ে উচ্চশিক্ষার স্বপ্নবিভোর অভিযাত্রিকদের দ্বীপশিখার পক্ষ থেকে অভিবাদন ও রক্তিম শুভেচ্ছা।
ছাত্রজীবন মানে সংগ্রামের জীবন। সংগ্রামের জীবন এজন্য যে, এই জীবনে প্রতিটি দিন ভাবতে হয় আগামী দিনটা কী করব। কালের স্রোত প্রবাহে তোমাদের স্বপ্ন জয়ের জন্য বিভিন্ন অগ্নিপরীক্ষার সম্মুখীন হতে হবে। ছাত্রজীবন সামষ্টিক জীবন পদ্ধতি। এই জীবনে একটি পরীক্ষায় ভালো করলে পরিবার ও সমাজ তোমার পরবর্তী পরীক্ষায় আরও ভালো কিছু প্রত্যাশা করে। ধারাবাহিক সাফল্যই পরিবর্তন করে দিতে পারে তোমার জীবনের বায়োগ্রাফি। ধারাবাহিক সাফল্যের জন্য প্রয়োজন আত্মবিশ্বাস, জেদ, স্বপ্ন, পরিশ্রম, অধ্যবসায় ও সুন্দর পরিকল্পনা। এই গুণাবলিগুলো ছাত্রজীবনের প্রতি ধাপে (জেএসসি, এসএসসি, এইচএসসি) উন্নত থেকে উন্নতর করতে হবে। ছাত্রাবস্থায় অনেক বাধা আসতে পারে। মনে রাখতে হবে প্রতিটি বাধাই হবে তোমার প্রেরণার শক্তি। নিজেকে নিজের প্রতিদ্বন্দ্বী করে নাও। তোমার যে বিষয়ে দুর্বলতা আছে তা নিজে খুঁজে বের করো এবং তোমার দুর্বলতাকে শক্তিতে পরিণত করো শিক্ষক, পিতা-মাতার সাহায্য নিয়ে। প্রতিটি বিষয় তোমার দক্ষতা অনুযায়ী গুরুত্ব দিতে হবে। কখনো আত্মবিশ্বাস হারানো যাবে না।
আত্মবিশ্বাস থেকে সৃজনশীলতার উদ্ভব হয়। আত্মবিশ্বাস থেকে মনের ব্যাংকে গঠনমূলক শুভ বুদ্ধির উদয় হয়, ভয় দূর হয়। আত্মবিশ্বাসীরা নিজের মধ্যে শক্তি অনুভব করে, সফলতা তাকে খুঁজে বেড়ায়। আত্মবিশ্বাস থেকে নিজের মধ্যে শক্তি কাজ করে। জীবনে কখনো নিজেকে অন্যের চেয়ে কম মেধাবী, দুর্বল, আমি পারব না, আমার দ্বারা অসম্ভব—এই ধরনের নেতিবাচক শব্দগুলো নিজের মন থেকে মুছে ফেলতে হবে। মহাত্মা গান্ধী বলেছেন— "প্রতিটি ব্যক্তি নিজের চিন্তাধারারই পরিণাম হয়। যে যেমনটা চিন্তা করে, তেমনটা হয়ে ওঠে।" এজন্য নিজের মাঝে এমন জেদ সৃষ্টি করতে হবে যে আমি পারব এবং প্রতিটি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করব।
সফল হওয়ার জন্য নিজেকে স্বপ্ন দেখতে হবে। যারা স্বপ্ন দেখে তারা স্বপ্ন নিয়ে সাধনা করে। এজন্য ভারতের সাবেক রাষ্ট্রপতি এ. পি. জে. আবুল কালাম বলেছিলেন, "স্বপ্ন সেটাই যে স্বপ্ন তোমাকে ঘুমাতে দেয় না।" ঘুমের মধ্যে যে স্বপ্ন তোমরা দেখো সেটার জন্য কাজ করতে হয় না। জীবনের লক্ষ্যকে সামনে রেখে যে স্বপ্ন দেখো সেটার জন্য চিন্তা-ভাবনা করতে হয়, কাজ করতে হয়। এর প্রেক্ষিতে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছিলেন, "মানুষ তার স্বপ্নের সমান বড়।" নিজেকে কোথায় দেখতে চাও তার জন্য এখনই স্বপ্ন দেখা শুরু করতে হবে। স্বপ্ন মানুষের মনে আশা জাগায়। আশাই মানুষকে বাঁচিয়ে রাখে। এজন্য নেপোলিয়ন বলেছিলেন, "হে ঈশ্বর! তুমি যদি কখনো আমার জীবনে বিপত্তি প্রদান করো তাহলে আমার সব কিছু কেড়ে নিও... কিন্তু আমার জীবন থেকে আশা কেড়ে নিও না।"
আত্মবিশ্বাস, জেদ ও স্বপ্ন মানুষের মধ্যে শক্তি সঞ্চার করে নতুন উদ্যমে জেগে উঠতে সাহায্য করে। পরিশ্রম মানুষের জীবনে নতুন ইতিহাস সৃষ্টিতে সহায়ক। জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে শ্রম আর অধ্যবসায়। এজন্য টমাস আলভা এডিসন বলেছিলেন, "জিনিয়াস হয়ে ওঠার পেছনে এক শতাংশ অবদান প্রেরণার আর নিরানব্বই শতাংশ অবদান পরিশ্রমের থাকে।" হারজিত না ভেবে পরিশ্রম করলে সফলতা নিজের কাছে হাজির হয়। মিল্টন বলেছেন, "কর্মোজ্জ্বল দিনগুলোই প্রকৃতপক্ষে সোনালি দিন।" আমি মনে করি প্রত্যেক মানুষের কাছে ছাত্রজীবন সোনালি জীবন। এখন তোমাদের সবচেয়ে সোনালি দিন চলছে। এ সোনালি দিনগুলো কাজে লাগিয়ে তোমরাই কুতুবদিয়ার আলোর প্রদীপ হবে।
"অধিকাংশ লোক সমস্যাগ্রস্ত ব্যক্তির সাথে কথা না বলে অন্যদের সাথে বলে। এর ফলে সমস্যা তো যেখানকার সেখানেই থেকে যায় আর তিল থেকে তাল হয়ে ওঠে"—জুডি নেস। এজন্য নিজের সমস্যা শেয়ার করার জন্য এমন একজন গুরু বা মেন্টর প্রয়োজন যার অভ্যাস, কাজ ও চরিত্র তোমার জীবনের উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
"Life is a Drama, so play it." — Shakespeare। এই জীবন সুন্দর একটা নাট্যশালা, যার একমাত্র নাট্যকার তুমি। তুমি চাইলে তোমার জীবন নাটক পরিশ্রমে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবে। আবার চাইলে হেলেদুলে কাটিয়ে দিতে পারবে। মনে রেখো তোমার জীবনের নিয়ন্ত্রক তুমি নিজেই। এই জীবনটা অবসরে কাটিয়ে পার করার নয়। তোমাকে পরিশ্রম করতে হবে—হয় ছাত্রাবস্থাতে, না হয় সারাজীবন। মনে রাখবে, যদি তুমি এমন কিছু অর্জন করতে চাও যা পূর্বে কখনো অর্জন করোনি, তাহলে তোমাকে এমন কিছু করতে হবে যা পূর্বে কখনো করোনি।
এজন্য থাকা চাই সুন্দর পরিকল্পনা, যা তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। কথায় আছে, সুন্দর পরিকল্পনা কাজের অর্ধেক। গতকাল থেকে শিক্ষা নিয়ে আগামীকালের পরিকল্পনা করো। আর বর্তমানটা উপভোগ করো নিজের পছন্দের যেকোনো বিষয় নিয়ে। "প্রতিটি জিনিস ততক্ষণ পর্যন্ত কঠিন বলে মনে হয় যতক্ষণ না সেটা সরল হয়ে উঠছে।" —টমাস ফুলার। কঠিন বিষয়কে বারবার চর্চা করে আয়ত্ত করে নিতে হবে। কারণ কঠিন বিষয়টা তোমাকে অন্যদের থেকে আলাদা করে দেবে। সহজ বিষয় তো অবশ্যই নিজের দখলে রাখবে। দিন শেষে আত্মসমালোচনা করে নিতে হবে। কোন বিষয় কতটুকু পড়ার প্রয়োজন ছিল আর কতটুকু পড়ছ তা হিসেব করে দেখতে হবে।
ডেভিড জোসেফ বলেন, "বিচক্ষণ ব্যক্তি নিজের মনের মালিক এবং মূর্খ ব্যক্তি তার মনের ক্রীতদাস।" আগামীকাল যেন আজকের চেয়ে ভালো হয় সেই পরিকল্পনা করতে হবে। তোমাদের পরিকল্পনা সহজ করার জন্য দ্বীপশিখা ২০১৮ সাল থেকে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার আয়োজন করে আসছে। আমরা কুতুবদিয়ার শিক্ষার উন্নয়নের জন্য এ সেমিনারের আয়োজন অব্যাহত রাখব আর তোমাদের যেকোনো প্রয়োজনে দ্বীপশিখা কাজ করতে সদা প্রস্তুত।
এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল উচ্চশিক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। কারণ পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজসমূহের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য একটা ন্যূনতম জিপিএ লাগে। উদাহরণস্বরূপ, তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের স্নাতক ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও তাহলে এসএসসি এবং এইচএসসি মিলে সর্বনিম্ন জিপিএ-৮.০০ লাগবে (এইচএসসি বা এসএসসি পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৩.৫০)। সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য এরকম ন্যূনতম যোগ্যতা লাগে।
তোমরা যারা দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজসমূহে পড়তে স্বপ্ন দেখো তাদেরকে আরও একটা কথা বলে রাখা প্রয়োজন—বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফলাফলের সাথে এইচএসসি ও এসএসসি ফলাফলের উপর একটা নির্দিষ্ট পরিমাণ নম্বর যুক্ত হয়। যেমন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মোট ২০০ নম্বরে ৮০ নম্বর আসে জিপিএ থেকে (এইচএসসি ফলাফল থেকে সর্বোচ্চ ৫০, এসএসসি ফলাফল থেকে সর্বোচ্চ ৩০)। মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় এ নম্বর তো আরও বেশি। মোট ৩০০ নম্বরের মধ্যে ২০০ নম্বর আসে জিপিএ থেকে (এইচএসসি ফলাফল থেকে সর্বোচ্চ ১২৫, এসএসসি ফলাফল থেকে সর্বোচ্চ ৭৫)। সুতরাং বুঝতেই পারছ তোমরা যারা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখো তাদের ভালো রেজাল্ট করা খুবই জরুরি। তোমরা যদি ভালো রেজাল্ট না করতে পারো তাহলে অন্যদের থেকে অনেক পিছিয়ে পড়বে। এজন্য এইচএসসি ও এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করার চেষ্টা অব্যাহত রাখবে। আমাদের বিশ্বাস তোমরাই পারবে। আর পড়াশোনা বিষয়ক যেকোনো সমস্যা সমাধানে ও পরামর্শে দ্বীপশিখা সবসময় তোমাদের পাশে থাকবে। তোমাদের সবার জন্য শুভকামনা রইল।
- আব্দুল মজিদ
শিক্ষার্থী (৪র্থ বর্ষ)
দর্শন বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়

